কাশ্মীর সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত ভারতকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদ না দিতে যুক্তরাষ্ট্রের প্রতি আহবান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। কাশ্মীর নিয়ে জাতিসংঘকে দেয়া প্রতিশ্রুতি ভারত বাস্তবায়ন না করা পর্যন্ত স্থায়ী সদস্যপদ না দেয়ার এ আহবান জানান তিনি। খবর টাইমস অব ইন্ডিয়ার।

বৃহস্পতিবার রাতে নওয়াজ শরীফের সঙ্গে ফোনে আলাপ করেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। প্রায় আধা ঘণ্টার এ ফোনালাপে ওবামা তার সাম্প্রতিক ভারত সফরের বিভিন্ন বিষয়ে নওয়াজ শরীফকে অবহিত করেন। এ ছাড়া দুদেশের পারস্পরিক সম্পর্ক, আঞ্চলিক স্থিতিশীলতা ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ নিয়েও কথা বলেন তারা।

ভারতকে স্থায়ী পরিষদের সদস্যপদ না দেয়ার ব্যাপারে নওয়াজকে নিশ্চয়তা দেন ওবামা। তবে, ভারত সফরের সময় ওবামা স্থায়ী সদস্যপদের ব্যাপারে যুক্তরাষ্ট্রের সমর্থন থাকবে বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন।

এ ছাড়া, পরমাণু সরবরাহ বা নিউক্লিয়ার সাপ্লাইয়ার্স গ্রুপ (এনএসজি)'র সদস্যপদ পেতে যুক্তরাষ্ট্রের প্রতি আহবান জানান পাক প্রধানমন্ত্রী। ওদিকে, ভারত সফরের সময় সেদেশকেও এনএসজির সদস্যপদ দেয়ার ব্যাপারে নিশ্চয়তা দেন ওবামা।

কাশ্মীর ও ভারতের সঙ্গে বিভিন্ন অমীমাংসিত বিষয়ে শান্তি আলোচনা শুরু করতে ভারতকে চাপ দেয়ার আহবানও জানান নওয়াজ। ওবামা পাকিস্তানের সাম্প্রতিক সন্ত্রাসবিরোধী অভিযান 'জারব-ই-আযাব'র প্রশংসা করেন।

এ ছাড়া, ফোনালাপে দুই নেতা সুবিধামতো সময়ে সাক্ষাতের বিষয়েও সিদ্ধান্ত নেন। ফোনালাপের ব্যাপারে হোয়াইট হাউজ জানিয়েছে, ওবামা তার সাম্প্রতিক ভারত সফরের বিভিন্ন বিষয়ে নওয়াজ শরীফকে অবহিত করেন। এ ছাড়া, ;জাতিসংঘের মাধ্যমে পাকিস্তান ও ভারতের সম্পর্কোন্নয়নের ব্যাপারে প্রচেষ্টা অব্যাহত রাখার ব্যাপারও কথা হয়।

উল্লেখ্য, ভারত সফরের আগে ওবামা নওয়াজকে ফোন দেন এবং পাকিস্তানকে আশ্বস্ত করেন যে, সফরের বিভিন্ন বিষয়ে পাকিস্তানকে অবহিত করা হবে।

এমএ