না বিদ্যুৎ, না পানি। এটাই এখন সাবেক মন্ত্রী চৌধুরী অজিত সিংয়ের বাংলোর কাহিনী। একই সাথে সাবেকমন্ত্রীসহ ৩০ জন সাবেক সাংসদের বাড়ির বিদ্যুৎ এবং পানির লাইন কেটে দেয়া হয়েছে।

লোকসভা ভোটে হেরে যাওয়ার পর অজিত সিং-কে নয়াদিল্লির ১২ নম্বর তুঘলক রোডে অবস্থিত সরকারি বাংলো ছেড়ে দেয়ার নোটিশ দেয়া হয়। কিন্তু তিনি নোটিশ অনুয়ায়ী সরকারি বাড়ি ছেড়ে না দেয়ায় প্রশাসনের পক্ষ থেকে এ সব সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে।

দিল্লি মিউনিসিপ্যাল কাউন্সিল এবং সিপিডব্লিউডি বলছে, আজিত সিং-সহ ৩০ জন সাবেক সাংসদের সরকারি বাড়ির বিদ্যুৎ এবং পানির সংযোগ কাটা হয়েছে। তাদের মধ্যে সাবেক ৪ জন কেবিনেট মন্ত্রীও রয়েছেন।

যেসব মন্ত্রী এবং সাংসদদের বাড়ির বিদ্যুৎ এবং পানির সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে তাদের মধ্যে জিতেন্দ্র সিংহ, মুহম্মদ আজহারউদ্দিন, ব্রিজেন্দ্র সিংগলা, পি সি চাকো, অবতার সিংহ ভডানা, বি এল মারান্ডি এবং অর্জুন রায় প্রমুখের নাম রয়েছে।

সাবেক মন্ত্রী চৌধুরী অজিত সিং এই প্রসঙ্গে বলেন, "আমার কাছে ৯ সেপ্টেম্বর এন ডি এম সি ’র লোক আসে এবং বাংলো খালি করে দিতে বলে। কিন্তু আমি বলি এইসময় আমার কিছুটা অসুবিধা রয়েছে। আমি একটি ফ্ল্যাট ভাড়া নিয়েছি এবং ২৫ সেপ্টেম্বরের মধ্যে আমি ঘর খালি করে দেব। কিন্তু তবু কেন বিদ্যুৎ ও পানির লাইন কাটা হল জানি না। কেন এ রকম করা হল তা ওরাই ভাল বলতে পারবে।"

বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার পর সাবেক এই মন্ত্রী তার বাংলো আলোকোজ্জ্বল এবং ঘর ঠাণ্ডা রাখতে জেনারেটর ভাড়া নিয়েছেন। এতে প্রতিদিনের ভাড়া ৪ হাজার টাকা এবং দৈনিক ২০০ লিটার ডিজেল খরচ হয় তাকে।

বিদ্যুৎ এবং পানির লাইন কাটা সত্ত্বেও মন্ত্রীসহ সাবেক ৩০ জন সাংসদ কত দিনে সরকারি বাংলো খালি করে দেন তা-ই এখন দেখার বিষয়।

ঢাকা, ১৪ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, টআই