ভারতে ১ ডিসেম্বর থেকে চালু হচ্ছে ইসলামী শরিয়াহভিত্তিক মিউচুয়াল ফান্ড। প্রথম দফায় ১৫ ডিসেম্বর এই ইক্যুইটি ফান্ড বিক্রি শেষ হবে। পরে ফের ২৬ ডিসেম্বর থেকে এই ফান্ড বিক্রি চালু থাকবে।

স্টেট ব্যাংক অব ইন্ডিয়া মিউচুয়াল ফান্ড পরিচালিত এই ইক্যুইটি ফান্ড ভারতের মুসলিমদের কাছে আকর্ষণীয় হয়ে উঠবে বলে মনে করছেন ব্যাংক কর্তারা।

কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকারের আমলে তৎকালীন সংখ্যালঘু কল্যাণমন্ত্রী কে. আর. রহমান শরিয়া বিধিসম্মতভাবে মিউচুয়াল ফান্ড চালু করার উদ্যোগ নেন। সেই উদ্যোগই এতদিন পর বাস্তবের মুখ দেখতে চলেছে।

ভারতের শীর্ষ মুসলিম প্রতিষ্ঠানগুলোর কর্ণধারদের সঙ্গে পরামর্শ করে, তাদের মত নিয়ে এই ইক্যুইটি ফান্ড চালুর সিদ্ধান্ত নেয়া হয়। এই মিউচুয়াল ফান্ড তদারকি করবে ভারতের বিশিষ্ট মুসলিমদের নিয়ে গঠিত এক শরিয়া বোর্ড।

ইসলামী ফিকহ একাডেমির জেনারেল সেক্রেটারি খালিদ সাইফুল্লা রহমানি, অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের সদস্যদের তরফে এই শরিয়াহ সম্মত মিউচুয়াল ফান্ডের পক্ষে ফতোয়া দেয়া হয়েছে। অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের জেনারেল সেক্রেটারি মাওলানা নিজামুদ্দিন বলেছেন, সুদের ব্যাপার না থাকলে আমাদের কোনো আপত্তি নেই।

এসবিআই মিউচুয়াল ফান্ডের শরিয়া বোর্ডের পক্ষ থেকে ঠিক করা হয়েছে, বিজ্ঞাপন ও সংবাদমাধ্যম, অ্যালকোহল, ক্লোনিং, অর্থলগ্নি সংস্থা, জুয়ার সঙ্গে জড়িত সংস্থা, পর্ণোগ্রাফির সঙ্গে যুক্ত সংস্থা, তামাক বিপণনে জড়িত সংস্থা, শুয়োরের মাংসের বিপণনে যুক্ত কোনো সংস্থা ইত্যাদিতে টাকা বিনিয়োগ করা হবে না। এছাড়া ফটকায় এবং বিদেশি লগ্নিপত্রে এই টাকা বিনিয়োগ করা হবে না।

ইআর