ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে ভোট পরবর্তী হিংসার প্রতিবাদে বিধানসভার অধিবেশন বয়কটের সিদ্ধান্ত নিল বিজেপি।
শুক্রবার (০৭ মে) বিজেপির পরিষদীয় দলের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। এমনকী শনিবার স্পিকার নির্বাচনের প্রক্রিয়াতেও অংশ নেবে না তারা। দিলীপ ঘোষের নেতৃত্বে এদিনের বৈঠকে হাজির ছিলেন মুকুল রায় ছাড়া বিজেপির সমস্ত বিধায়ক। খবর হিন্দুস্তান টাইমস’র।
এদিন দিলীপ ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত বিজেপির পরিষদীয় দলের প্রথম বৈঠকে বিধানসভার অধিবেশন বয়কটের সিদ্ধান্ত হয়েছে।
দিলীপ ঘোষ জানিয়েছেন, ভোটের ফলপ্রকাশের পর থেকে রাজ্যজুড়ে যে ভাবে বিজেপি কর্মীরা আক্রান্ত হচ্ছেন তার পর রাজ্যে গণতন্ত্রের চর্চা বৃথা। আগে হিংসা থামুক, তার পর বিধানসভার অধিবেশনে যোগ দেবেন বিধায়করা।
শুক্রবারের বৈঠকে মুকুল রায় ছাড়া বিজেপির ৭৬ জন বিধায়কই হাজির ছিলেন। দিলীপবাবুর প্রস্তাবে সম্মতি জানান তাঁরা। শনিবার বিধানসভায় স্পিকার নির্বাচনের প্রক্রিয়াতেও বিজেপি অংশগ্রহণ করবে না বলে জানানো হয়েছে।
গত ২ মে বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশ হলে দেখা যায় রাজ্যে ৭৭টি আসনে জয়লাভ করেছে বিজেপি। বৃহস্পতি ও শুক্রবার বিধায়করা শপথগ্রহণ করেন। এর পর পরিষদীয় দলের বৈঠকে সরাসরি বিধানসভা বয়কটের পথে হাঁটল তারা।
এমবি





