নির্বাচনে পুনরায় ব্যালট পেপার চালু করার ডাক দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
গতকাল রবিবার কলকাতায় আয়োজিত এক জনসভায় এই আহবান জানান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি।
তিনি বলেন, সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে হিসেব বহির্ভূত টাকা খরচ করেছে বিজেপি। বিদেশ থেকেও টাকা সাহায্য পেয়েছে। কারা সেই টাকা দিয়েছে। এর হিসেব দিতে হবে। মমতা অভিযোগ করেন, বিজেপি ধর্মের রাজনীতি করছে। মুসলিমদের মারছে। মানুষ মরলে ওদের কিছু এসে যায় না।
মমতা বলেন, তৃণমূল কংগ্রেসকে নিয়ে টানাটানির আগে বিজেপি নিজেদের দুর্নীতির হিসেব দিক। তাদের বিরুদ্ধে ‘ব্ল্যাকমানি ফেরাও’ অভিযান শুরু করবে তৃণমূল।
দুর্নীতি নিয়ে মমতা বলেন, বিজেপির নেতাদের পশ্চিমবঙ্গে ২৬ হাজার কোটি টাকার দুর্নীতি রয়েছে। আমি তৃণমূলকে স্বচ্ছ করতে কেউ জনগণের কাছ থেকে টাকা নিয়ে থাকলে ফেরানোর কথা বলেছিলাম। ওরা সেটাকে গোলমালের অস্ত্র হিসেবে ব্যবহার করছে। মমতা বলেন, রাফায়েল বিমান কেনায় বিজেপির নেতারা কমিশন নিয়েছেন। কংগ্রেস, সিপিএম বিজেপির বিরুদ্ধে লড়ছে না। তারা যে ডালে বসে আছে সেই ডালই কাটছে। ওদের তৃণমূলকে সমর্থন করতে হবে না। আগে বিজেপির বিরুদ্ধে লড়ুক।
মমতা অভিযোগ করেন, টাকার লোভ দেখিয়ে তৃণমূল থেকে বিজেপিতে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে। একজনকে ২ কোটি টাকা আর পেট্রোল পাম্পের লোভ দেখানো হয়েছে। আমাকেও ভয় দেখানোর চেষ্টা করছে। আমাকে সিবিআই দিয়ে যতই ভয় দেখাক তৃণমূল কংগ্রেস ছেড়ে আমি কোথাও যাব না।
মমতা বলেন, ‘আমার কাছে একটা ভিডিও আছে, যেটাতে এক বিজেপি নেতা বলছেন, হিন্দুদের মরতে দাও’। অন্যদিকে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, তৃণমূলের সভায় লোক হয়নি। বলতেই পারত, আমরা লোক দিতাম। ওরা ইভিএম নয়, মানুষকে ভয় পাচ্ছে। তাই পৌরসভা নির্বাচন করাচ্ছে না।
জেড





