জম্মু-কাশ্মীর সীমান্তে পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে ভারতের সেনাবাহিনীর ভারি গুলি বিনিময় হয়েছে। সোমবার ভোরে পাকিস্তান বাহিনীর গোলায় ভারতীয় জওয়ানসহ দু’জন নিহত এবং আরো দু’জন আহত হয়েছেন। খবর এনডিটিভির।
ভারতের অভিযোগ, ভোর থেকে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে জম্মু-কাশ্মীরের রাজৌরিতে এবং পুঞ্চে গুলি চালায় পাকিস্তানের সেনাবাহিনী। এতে পুঞ্চ জেলার বালাকোটে নয় বছরের এক শিশু মারা যায়। তার নাম সায়েদা। এ সময় আরো দুই বেসামরিক মানুষ আহন হন।
আর রাজৌরিতে গোলাগুলিতে মারা যান এক জওয়ান। ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, ভোর সাড়ে সাতটার দিকে পাক বাহিনীর একটি শেল বাঙ্কারে আঘাত হানলে সৈনিক মুদাচ্ছির আহমেদ নিহত হন।
ভারত এই ঘটনার নিন্দা জানিয়েছে। একই সঙ্গে কঠিন প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছে। এক বিবৃতিতে সেনাবাহিনী বলেছে, ঘটনার পর সেনাবাহিনীর ডিজি (অপারেশন) লে. জেনারেল একে ভাট পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে টেলিফোনে কড়া হুঁশিয়ারি দিয়েছেন।
তিনি বলেছেন, যুদ্ধবিরিত লঙ্ঘন করে এই গোলা নিক্ষেপের জবাব দিতে ভারতীয় বাহিনী প্রস্তুত রয়েছে। যথাসময়ে সঠিক জবাব দেওয়া হবে।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র লে . কর্নেল মানিষ মেহতা জানিয়েছেন, এখনো ওই অঞ্চলে গুলি বিনিময় চলছে। ভারতীয় সেনাবাহিনী শক্ত এবং কার্যকরভাবে পাক বাহিনীকে মোকাবেলা করছে।
এমএনজে





