নেপালে পুলিশ নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষের সন্ধান পেয়েছে। সোমবার দেশটির পার্বত্য অঞ্চলে তারা এটির সন্ধান পায়। বিমানটিতে ১৮ জন আরোহী ছিল। তাদের কেউ বেঁচে নেই।
কাঠমান্ডুতে দেশের বৃহত্তম বিমান বন্দরে চীফ এয়ার ট্রাফিক কন্ট্রোলার বিমলেশ লাল কর্না এএফপিকে বলেন, ‘বিমানটি একটি পার্বত্য এলাকায় বিধ্বস্ত হয়। পুলিশ ওই এলাকার একটি গ্রামে বিমানটির ধ্বংসাবশেষের সন্ধান পেয়েছে। তবে এ দুর্ঘটনায় বিমান আরোহীদের কেউ বেঁচে নেই।’
নেপাল এয়ারলাইন্সের একটি বিমান রোববার বিকেলে একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরেই নিখোঁজ হয়। বিমানটিতে ১৫ যাত্রী ও ৩ ক্রু ছিল।
নেপাল এয়ারলাইনস কর্তৃপক্ষ জানায়, “১৫ যাত্রী ও ৩ ক্রুসহ বিমানটি পোখার বিমান বন্দর থেকে ১২টা ৪০ মিনিটে উড্ডয়ন করে। উড্ডয়নের মাত্র কয়েক মিনিট পরই বিমানটির সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে দেশটির আরঘাখানছি জেলার খিদিম বনে বিধ্বস্ত বিমানটি দেখতে পাওয়া যায়"।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে খারাপ আবহাওয়ার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে।
রাষ্ট্র পরিচালিত বিমানটি পোখারা থেকে জুমলা শহরে যাচ্ছিল। জুমলা রাজধানী কাঠমান্ডু থেকে ৩৫৩ কিলোমিটার পশ্চিমে অবস্থিত। সূত্র: এএফপি
[b]ঢাকা, ১৬ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডিডটকম) // এমএ[/b]