একটি শিশু ঘুমিয়ে আছে খাটে। তার পাশে চারটি বিষধর গোখরা সাপ। না, সাপগুলো শিশুটিকে ছোবল দিচ্ছে না। বরং তাকে পাহারা দিচ্ছে।
এমনই একটি ভিডিওচিত্র গত বছরের ২৮ অক্টোবর ইউটিউবে ছাড়া হয়। ‘ফোর কোবরা স্নেক্স প্রোটেকটিং স্লিপিং বেবি’ শিরোনামে ভিডিওটি ইউটিউবে আপলোড হওয়ার পর সেটি ব্যাপক সাড়া ফেলে। মঙ্গলবার যুক্তরাজ্য ভিত্তিক মেইল অনলাইন ভিডিওটিসহ এ সংক্রান্ত এক খবর প্রকাশ করে।
মেইল অনলাইনের প্রতিবেদনে বলা হয়, খাটের ওপর শুয়ে আছে কয়েক মাস বয়সের একটি শিশু। চারটি বিষধর গোখরা সাপ তাকে পাহারা দিচ্ছে। ভিড়িওতে দেখা যাচ্ছে, শিশুটি চারটির একটি সাপকে ধরছে, সাপের গায়ে পা তুলে দিচ্ছে। অথচ প্রাণঘাতি বিষধর সেই গোখরাগুলো শিশুটিকে কামড় দিচ্ছে না।
ভিডিওচিত্রটি কোথা থেকে কে ধারণ করেছেন তা নিশ্চিত হওয়া যায়নি। তবে মেইল অনলাইন জানিয়েছে, গোখরা সাপ সাধারণত ভারত ও দক্ষিণ-পূর্ব এশিয়াতে পাওয়া যায়। ওখানকার কেউই ভিডিওটি ইউটিউবে আপলোড করে থাকতে পারেন।
তবে সাপগুলো শিশুটিকে ছোবল না দেওয়ায় ওই ভিডিওর নিচে মন্তব্যর অংশে অনেকেই এটির বিশ্বাসযোগ্য নিয়ে প্রশ্ন তুলেছেন। অনেকে ভিটিওটির সমালোচনাও করেছেন। সমালোচকদের ভাষায়, এটি সাপুড়ের চাতুরি ছাড়া আর কিছুই নয়। সাপগুলোর বিষদাঁত হয়তো উপড়ে ফেলা হয়েছে কিংবা মুখ নিশ্চয়ই সেলাই করা ছিল।
ঢাকা, ২৩ জুলাই, টাইমনিউজবিডি.কম, এসএইচ





