ইরানি বিমানের এএন-১৪০ মেডেলের সমস্ত ফ্লাইট বাতিল করেছেন প্রেসিডেন্ট ড. হাসান রুহানি। তার এ নির্দেশের কারণে ইরানের এ মডেলের যাত্রীবাহী বিমানের ফ্লাইট বাতিল করা হয়েছে।

রোববার ইরানের রাজধানী তেহরানে অ্যানাতোভ এএন-১৪০ মডেলের একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে ৩৯ আরোহী নিহত হওয়ার পর প্রেসিডেন্ট রুহানি এ নির্দেশ দিলেন। তিনি বলেছেন, বিমান বিধ্বস্তের বিষয়ে সম্পূর্ণভাবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ফ্লাইট বাতিলের নির্দেশ বহাল থাকবে।

ইরানের সড়ক ও নগর উন্নয়নমন্ত্রী আব্বাস আহমাদ আখুন্দিকে এ তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে। এছাড়া, বিমান দুর্ঘটনায় আহতদের জন্য সর্বোচ্চ পর্যায়ের চিকিৎসার ব্যবস্থা করতে নির্দেশ দেয়া হয়েছে স্বাস্থ্যমন্ত্রী হাসান কাজিজাদেহ হাশেমিকে।

রোববারের এ দুর্ঘটনায় ৩৭ জন ঘটনাস্থলেই নিহত এবং তেহরান হাসপাতালে মারা গেছে দু জন। এছাড়া, নয়জন আরোহী মারাত্মকভাবে পুড়ে আহত হয়েছেন যাদের কয়েকজনের অবস্থা গুরুতর। সূত্র: আইআরআইবি।

ঢাকা, ১২ আগস্ট, টাইমনিউজবিডি.কম, টিআই