শক্তিশালী ঘূর্ণিঝড় পামের আঘাতে অন্তত ৪৪ জন প্রাণ হারিয়েছেন। শুক্রবার প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র ভানুয়াতুতে এ আঘাত হানে। দেশটিতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

জাতিসংঘের মানবিক তৎপরতা সমন্বয় বিষয়ক দফতর (ইউএনওসিএইচএ) এক বিবৃতিতে জানিয়েছে, তিনটি অসমর্থিত প্রতিবেদনে ভানুয়াতুর উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ পেনামাতে ৪৪ জনের মৃত্যু হয়েছে। পাশের দেশ পাপুয়ানা নিউগিনিতে কমপক্ষে এক জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শুক্রবার দেশ দুটি ছাড়াও ওই অঞ্চলের আরো কয়েকটি দেশে প্রলঙ্করী ওই ঘূর্ণিঝড় আঘাত হেনেছে।

ইউএনওসিএইচএ-এর আঞ্চলিক প্রধান সুনে গুডনিজ বলেন, আমরা ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছি। পাঁচ স্তরের ঘূণিঝড় পামের বেগ ছিল ঘণ্টায় ২৭০ কিলোমিটার যা- ২০১৩ সালে ফিলিপাইনে আঘাত হানা টাইফুন হাইয়ানের সঙ্গে তুলনা করা যায়।

শক্তিশালী গ্রীষ্মমণ্ডলীয় এই ঝড়টি দুর্বল হয়ে যাওয়ার আগে দেশটিতে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে বলে সাহায্য সংস্থাগুলো জানিয়েছে। তবে পামের প্রভাবে দেশটিতে মুষলধারে বৃষ্টিও হয়েছে।

সেভ দ্য চিলড্রেনে কর্মরত টিম স্কিরো জানান, রাজধানী পোর্ট ভিলার বাড়িঘরগুলো ধ্বংস হয়ে গেছে। সাহায্যের আশায় স্থানীয় বাসিন্দারা রাস্তায় নেমে এসেছে।

শনিবার ভানুয়াতুতে জরুরি ত্রাণ সরবরাহের প্রস্তুতি নিচ্ছে জাতিসংঘ। এই ধ্বংসলীলা সুদূরপ্রসারী প্রভাব ফেলতে পারে বলে সতর্ক করেছেন জাতিসংঘ মহাসচিব বান কি-মুন। দেশটির ছয়টি প্রদেশেই চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে। ওই সব প্রদেশের বাসিন্দাদের যতদ্রুত সম্ভব নিরাপদ আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী জুলি বিশপ জানিয়েছেন, প্রয়োজন হলে ভানুয়াতুতে উদ্ধারকারী দল পাঠানোর জন্য তার দেশ প্রস্তুত আছে। ৬৫টি ছোট দ্বীপ নিয়ে গঠিত ভানুয়াতুতে দুই লাখ ৬৭ হাজার মানুষ বাস করে। রাজধানী পোর্ট ভিলায় বাস করে প্রায় ৪৭ হাজার মানুষ।

তথ্যসূত্র : আলজাজিরা, বিবিসি।

জেএ