অবরুদ্ধ গাজা উপত্যকায় ২৪ ঘন্টার মানবিক যুদ্ধবিরতি পালনে সম্মত হয়েছে ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস। হামাসের এই উদ্যোগকে " সম্ভবত একটি সুযোগ" হিসেবে আখ্যায়িত করেছেন ইসরাইলের কর্নেল পিটার লার্নার।
যুদ্ধবিরতির বিষয়ে হামাসের মুখপাত্র সামি আবু জুহরি এক বিবৃতিতে বলেছেন, " রমজানের শেষে একটি প্রস্তুতির জন্য, জাতিসংঘের মধ্যস্থতার প্রতি সাড়া প্রদান এবং আমাদের জনগণের জীবনযাপনের পারিপার্শ্বিকতা বিবেচনা করে আমরা ২৪ ঘন্টার জন্য মানবিক যুদ্ধবিরতির জন্য সম্মত। যুদ্ধবিরতি শুরু হবে রোববার দুপুর ২টা থেকে।"
ইসরাইল এখনো এ ব্যাপারে কোনো প্রতিক্রিয়া জানায় নি এবং ইহুদিবাদী বাহিনী গাজা শহরসহ উপত্যকার বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে যাচ্ছে। এর আগে শনিবার জাতিসংঘের মধ্যস্থতায় ১২ ঘন্টার সাময়িক যুদ্ধবিরতি পালন করে ইসরাইল ও হামাস।
প্রত্যক্ষদর্শীরা জানান, গাজা শহরের পূর্বে ইসরাইলি সৈন্যরা ভারী গোলা নিক্ষেপ করছে। এছাড়া, রোববারের হামলায় ৮ ফিলিস্তিনি নিহত হয়েছে।
উল্লেখ্য, ইসরাইলের হামলায় এ পর্যন্ত ১,০৬০ ফিলিস্তিনি নিহত হয়েছে। জাতিসংঘ জানিয়েছে নিহতদের অধিকাংশই বেসামরিক নাগরিক। এছাড়া সংঘাতে ৪৩ ইসরাইলি সৈন্য ও ৩ বেসামরিক নাগরিক নিহত হয়েছে।
ঢাকা, ২৭ জুলাই, টাইমনিউজবিডি.কম, টিআই





