জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) দখল থেকে সির্তে শহর উদ্ধারে লিবিয়ার বিমান, নৌ এবং পদাতিক বাহিনী উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

ত্রিপোলি সরকারের মিত্র এই বাহিনীগুলো দাবি করেছে, তারা এখন সুবিধাজনক অবস্থানে রয়েছেন।

কর্মকর্তাদের বরাতে বিবিসি বলছে, যুদ্ধবিমানগুলো সির্তে শহরে আইএসের অবস্থান লক্ষ্য করে বোমা হামলা চালাচ্ছে, সমুদ্র থেকে নৌবাহিনী আইএসের দখলে থাকা গুরুত্বপূর্ণ এলাকাসহ সমুদ্রবন্দর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে।

গেল মাস থেকে শহরটি উদ্ধারে অভিযান শুরু হলেও সম্প্রতি লড়াইয়ের তীব্রতা বাড়ানো হয়েছে।

লিবিয়ার পূর্ব এবং পশ্চিমাঞ্চল এখনো দুটি আঞ্চলিক প্রশাসনের মাধ্যমে শাসিত হচ্ছে। দুটি প্রশাসনই নিজেদের অঞ্চলে সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই চালাচ্ছে।

ত্রিপোলিভিত্তিক জাতিসংঘ সমর্থিত সরকারের নেতৃত্বে বাহিনীগুলো সির্তে উদ্ধারের অভিযান চালাচ্ছে।

ইরাক ও সিরিয়ার বাইরে সির্তে শহরেই আইএসের সবচে শক্তিশালী ঘাঁটি। শহরটি তেলসমৃদ্ধ লিবিয়ায় আইএসের সবচে মূল্যবান সম্পদ।

সির্তে থেকে ৪৪ মাইল পূর্বে হারাওয়া শহরেও লড়াইয়ের খবর পাওয়া গেছে।

এফএফ