ভারতের রাজ্যসভার সাংসদ ও দৈনিক কলম পত্রিকার কার্যনির্বাহী সম্পাদক আহমদ হাসান ইমরানের বিরুদ্ধে অপপ্রচার বন্ধের দাবি জানিয়েছেন ‘বেঙ্গল ইমামস অ্যাসোসিয়েশন’।

কোলকাতার ঐতিহ্যবাহী টিপু সুলতান মসজিদে এক সংবাদ সম্মেলনে এ ব্যাপারে রীতিমত হুঁশিয়ারি দিয়ে সংগঠনটি। টিপু সুলতান মসজিদের ইমাম মাওলানা নূরুর রহমান বরকতি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ‘সাংবাদিক ও সাংসদ আহমদ হাসান ইমরান এবং রাজ্য সরকারকে কালিমালিপ্ত করার এই অপচেষ্টা কোনোভাবেই বরদাশত করা হবে না। প্রয়োজনে শহর এবং জেলায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। যে প্রথম শ্রেণির দৈনিকে এ সব অপপ্রচার চালানো হচ্ছে, দরকার হলে তাদের অফিস ঘেরাও করা হবে।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, মুহাম্মদ ইয়াহিয়া, মাওলানা আবুল কাশেম রসুলি, মাওলানা শফিউল্লা, শেখ নূর আলি, হাফেজ নুরুল ইসলাম, মাওলানা জাকির নূরি প্রমুখ।

এই বৈঠকে উপস্থিত ইমামরা জানান, একটি প্রথম শ্রেণির দৈনিকে দিনের পর দিন অপপ্রচার চালানো হচ্ছে। নতুন নতুন গল্প ফাঁদা হচ্ছে।

টিপু সুলতান মসজিদের ইমাম নূরুর রহমান বরকতি এ প্রসঙ্গে বলেন, ‘ওই দৈনিক মুসলমান বিরোধি। তা আমরা আগেও দেখেছি। এসব কথা লিখে তাঁরা মুসলমানদের মনে দুঃখ দিয়েছে। এরকম চলতে থাকলে আমরা বিক্ষোভে সামিল হব।’

বরকতি আরো জানান, ‘এর আগেও ওই দৈনিকটি নিরপরাধ মুসলিমদের সন্ত্রাসবাদী হিসেবে দেখিয়েছে। নাটকের স্ক্রিপ্ট-এর মতো খবর বানিয়ে মানুষকে ধোঁকা দিয়েছে তাঁরা।’  

‘বেঙ্গল ইমামস অ্যাসোসিয়েশন’-এর প্রেসিডেন্ট মুহাম্মদ ইয়াহিয়ার বলেন, ‘এটা একটা বৃহত্তর চক্রান্ত। দাঙ্গা লাগিয়ে মুসলিমবিরোধী শক্তিকে বাংলার ক্ষমতায় আনার চক্রান্ত চলছে। একমাত্র মুখ্যমন্ত্রীকে সরাতে পারলেই সেটা সম্ভব। ওরা সেটাই চাইছেন।’

সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, শেষ বারের মতো হুঁশিয়ারি দেয়া হচ্ছে, অপপ্রচার বন্ধ না হলে তারা পথে নামবেন, বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন।

সাংসদ আহমদ হাসান ইমরানের বিরুদ্ধে অপপ্রচার নিয়ে সরব হয়েছেন 'পশ্চিমবঙ্গ সংখ্যালঘু কমিশন'-এর চেয়ারম্যান ইন্তাজ আলি শাহ, শিক্ষাবিদ আবুল কাশেম মুন্সি, সমাজসেবী নাসির আহমদ, সাইফুল হক প্রমুখ। সূত্র: আইআরআইবি

ঢাকা, ১৬ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএমএ