বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরও সাড়ে পাঁচ হাজার প্রাণ কেড়ে নিলো করোনাভাইরাস। বিশ্বজুড়ে মৃতের সংখ্যা এখন এক লাখ ১৫ হাজারের বেশি। আক্রান্ত সাড়ে ১৮ লাখ মানুষ।

বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনাভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে বিশ্বের ১৮ লাখ ৫২ হাজার ৬৮৬ জন। তাদের মধ্যে বর্তমানে ১৩ লাখ ১৪ হাজার ৯৯৩ জন চিকিৎসাধীন এবং ৫০ হাজার ৭৫৮ জন (৪ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।

এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে চার লাখ ২৩ হাজার ৪৭৯ জন (৭৯ শতাংশ) সুস্থ হয়ে উঠেছে এবং এক লাখ ১৪ হাজার ২১৪ জন (২১ শতাংশ) রোগী মারা গেছেন।

গত বছরের ডিসেম্বরের চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতি করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।
গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

বাংলাদেশে গতকাল শনিবার পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪ জনে। এছাড়া দেশে এ পর্যন্ত মোট ৬২১ জন করোনা আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে সরকার।

এএস