২০১৩ সালে বিশ্বজুড়ে প্রায় ১০ হাজার সন্ত্রাসী হামলায় অন্তত ১৮ হাজার মানুষ নিহত হয়েছে।
লন্ডনভিত্তিক ইনস্টিটিউট ফর ইকোনমিকস অ্যান্ড পিসের পরিসংখ্যান অনুযায়ী, ২০১৩ সালে বিশ্বজুড়ে ৯ হাজার ৮১৪টি সন্ত্রাসী হামলা হয়েছে যা আগের বছরের ৪৪ শতাংশ বেশি।
প্রতিবেদনে জানানো হয়েছে, ২০১৩ সালে বিশ্বজুড়ে সন্ত্রাসী হামলায় ১৭ হাজার ৯৫৮ জন প্রাণ হারিয়েছেন। অথচ ২০১২ সালে এই সংখ্যা ছিল ১১ হাজার ১৩৩ জন।
সংস্থাটির গ্লোবাল টেরোরিজম ইনডেক্স- ২০১৪ (জিটিআই)অনুযায়ী, ২০১৩ সালে সন্ত্রাসী হামলায় নিহতের হার ৬১ শতাংশ পর্যন্ত বেড়ে গিয়েছিল। অধিকাংশ প্রাণহানির জন্য দায়ী ইরাক ও সিরিয়ার সুন্নী বিদ্রোহী গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস), আল-কায়েদা, নাইজেরিয়ার বোকো হারাম এবং আফগানিস্তান ও পাকিস্তানের তালেবান।
রিপোর্টে বলা হয়েছে, ২০১৩ সালে সন্ত্রাসী হামলায় নিহত ব্যক্তিদের ৮০ শতাংশই ইরাক, আফগানিস্তান, পাকিস্তান, নাইজেরিয়া ও সিরিয়ার অধিবাসী।
ইরাকে ২০১৩ সালে ২ হাজার ৪৯২টি সন্ত্রাসী হামলার ঘটনায় ৬ হাজার ৩৬২ জন নিহত হয়েছেন, যা ২০১২ সালের তুলনায় ১৬৪ শতাংশ বেশি। বেশিরভাগ নিহত হওয়ায় ঘটনায় আইএস দায়ী।
প্রতিবেদনে বলা হয়েছে, তালিকায় স্থান পাওয়া ১৬২টি দেশের মধ্যে ৫ দশমিক ২৫ পয়েন্ট নিয়ে ২৩ নম্বরে রয়েছে বাংলাদেশ। সূত্র: আইআরআইবি
এমএ





