মঙ্গলবার ইসলামাবাদে ফেডারেল মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করার সময় শাহবাজ শরিফ এ প্রস্তাব দেন। তিনি বলেন, পিটিআই যদি আলোচনার ব্যাপারে আন্তরিক হয়, তাহলে সরকারও সমানভাবে প্রস্তুত।

গাজায় ইসরাইলের ত্রাণ অবরোধের নিন্দা এরদোয়ানেরগাজায় ইসরাইলের ত্রাণ অবরোধের নিন্দা এরদোয়ানের

পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, আলোচনা কেবল তখনই এগোতে পারে, যদি বিরোধী দল ‘বৈধ বিষয়গুলোর’ ওপর মনোনিবেশ করে। দেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য সব দলের মধ্যে রাজনৈতিক সম্প্রীতি অপরিহার্য বলে জোর দেন তিনি।

তবে আলোচনার প্রক্রিয়া শুরু করতে এখন পর্যন্ত কোনো পক্ষই সুনির্দিষ্ট কোনো পদক্ষেপ নেয়নি। এদিকে, পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের কারাবাস এবং তার দলীয় নেতাদের সমালোচনামূলক মন্তব্য আলোচনার বিষয়ে অনিশ্চয়তার পরিবেশ তৈরি করেছে।

এর আগে শনিবার তোশাখানা-২ দুর্নীতি মামলায় পাকিস্তানের একটি আদালত দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিকে ১৭ বছরের কারাদণ্ড দেয়।

ইমরান খানের বিরুদ্ধে ৯ মে মামলা ছাড়াও হত্যাচেষ্টা ও কথিত জাল রসিদ জমা দেওয়ার মতো অন্যান্য মামলাও রয়েছে। তোশাখানায় জাল রসিদ জমা দেওয়ার অভিযোগে বুশরা বিবির বিরুদ্ধেও পৃথক মামলা রয়েছে।

মঙ্গলবার স্থানীয় একটি আদালত ৯ মে মামলাসহ আরো পাঁচ মামলায় ইমরান খান ও তার স্ত্রীর অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ বাড়িয়েছে। আগামী ২৭ জানুয়ারি পর্যন্ত মামলার শুনানি স্থগিত করা হয়েছে। একইসঙ্গে পরবর্তী শুনানিতে তাকে সরাসরি অথবা ভিডিও কলের মাধ্যমে হাজির হওয়ার নির্দেশ দেয় আদালত।

এদিকে, আগামী ৮ ফেব্রুয়ারি পর্যন্ত ইমরানের সঙ্গে সাক্ষাতের বিষয়ে নিষেধ করেছে পাকিস্তান সরকার। আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও কারাগারে সাক্ষাৎ বন্ধ করায় ইমরান খানের পরিবার ও দল গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

এনএইচ