ডিসির সঙ্গে নাইট-শো সিনেমা দেখতে গিয়ে দর্শকদের হাতে মার খেয়েছেন এক ওসি। পুলিশ সূত্রের খবর, ১২ জন ওসি, অতিরিক্ত ওসি এবং কর্মকর্তাকে নাইট-শোয়ে সিনেমা দেখাতে নিয়ে গিয়েছিলেন ডিসি (এসইডি) কল্যাণ মুখোপাধ্যায়।

কাজের চাপ থেকে একটু রেহাই দিতে বিভাগীয় ডিসি অফিসারদের সিনেমা দেখাতে রোববার রাতে কলকাতার বেকবাগান এলাকার একটি শপিং মলে নিয়ে গিয়েছিলেন ওই ডিসি। সেখানে জাতীয় সংগীত বাজানোর সময় কিছু লোক না দাঁড়ানোয় গোলমাল বাধে। সেই গোলমাল থামাতে গিয়ে কয়েকজন দর্শকের হাতে মার খেয়েছেন তিলজলা থানার ওসি দেবব্রত দাস। এ ঘটনায় পুলিশ এক অভিযুক্তকে গ্রেফতার করেছে।

পুলিশ সূত্র আরও জানায়, সিনেমা দেখতে বেকবাগান এলাকার শপিং মল ঠিক করা হয়েছিল এ কারণেই যে, যদি কোনো থানা এলাকা থেকে গোলমালের খবর আসে তাহলে সেখান থেকেই ঘটনাস্থলে যেন চলে যেতে পারে পুলিশ।

প্রেক্ষাগৃহে জাতীয় সংগীত বাজানোর সময় কিছু দর্শক বসে থাকায় অন্য দর্শকদের সঙ্গে গোলমাল বাধে। ওই সময় বিবাদ থেমে গেলেও বিরতির সময় প্রেক্ষাগৃহের বাইরে ফের আরেক দফা গোলমাল শুরু হয়। এ সময় তিলজলার ওসি মেটাতে গেলে ভিড়ের মধ্যে থেকে তাকে ঘুষি মারা হয়। ধস্তাধস্তিতে তার গলায় থাকা একটি সোনার চেনও খোয়া গেছে।

সোমবার প্রেক্ষাগৃহের সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করে। পরে তৌসিফ আলম নামে এক যুবককে গ্রেফতার করা হয়।

ওইদিন গ্রেফতারকৃতকে আদালতে তোলা হলে বিচারক তাকে বুধবার পর্যন্ত পুলিশি হেফাজতের রাখার নির্দেশ দেন। সূত্র: এবেলার।

এসএম