মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বুধবার টেলিফোনে সৌদি বাদশাহ আবদুল্লহর সঙ্গে কথা বলেছেন বলে হোয়াইট হাউস জানিয়েছে। দুই নেতা ইরাকে সুন্নি বিদ্রোহী গোষ্ঠির ভয়াবহ উত্থানের বিভিন্ন দিক নিয়ে আলাপ করেন।
সুন্নি বিদ্রোহী গোষ্ঠি আইএসআএলের যোদ্ধারা ইরাকের বিভিন্ন এলাকা দখল করে নেযার ফলে বহু ইরাকী নাগরিক স্থানচ্যূত হয়েছেন। সৌদি সরকার এসব ইরাকি উদ্বাস্তুদের জন্য ৫শ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দেয়ার প্রতিশ্রুতিতে টেলিফোনে ওবামা বাদশাহ আবদুল্লাহকে ধন্যবাদ জানান।
এর আগে আবদুল্লাহ গত সপ্তাহে ইরাকে সুন্নি আগ্রাসনের ঘটনায় ব্যাপক নিন্দা জানিয়ে এসব সন্ত্রাসী হুমকির বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের প্রুতিশ্রুতি দেন।তার এই শপথ ব্যক্ত করার মাত্র তিন দিন পর খিলাফতের প্রতিষ্ঠার ঘোষনা দেয় আইএসআইএল।
বুধবার হোয়াইট হাউজ আরো জানায়, টেলিফোনে ওবামা-আবদুল্লাহ এই অঞ্চলে নিরাপত্তা বৃদ্ধিতে ঘনিষ্ঠভাবে কাজ করার বিষয়ে সম্মত হয়েছেন। তারা ইরাকে জাতি, গোষ্ঠি নির্বিশেষে সকল সম্প্রদায়ের সম্মতিতে একটি নতুন সরকার গঠনের বিষয়েও একমত হয়েছেন।
এর আগে মঙ্গলবার একজন নতুন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে আলোচনার সময় পার্লামেন্ট বর্জন করে সুন্নি এবং কুর্দি সদস্যরা। এর ফলে কোনো সিদ্ধান্ত ছাড়াই এক সপ্তাহের জন্য মুলতবি হয়ে যায় পার্লামেন্ট।
প্রসঙ্গত, ইরাকের সুন্নি জঙ্গিদের মদদ দেয়ার জন্য সৌদি আরবের বিরুদ্ধে বরাবরই অভিযোগ করে থাকে বাগদাদ সরকার। তবে সৌদি সরকার এই অভিযোগ অস্বীকার করে থাকে। তবে প্রেসিডেন্ট বশির আল আসাদের ঘোর বিরোধী বলে পরিচিত রিয়াদ সিরিয়ার সুন্নি বিদ্রোহীদেরকে অর্থসহ বিভিন্ন সহযোগিতা করে থাকে।
ঢাকা, ৩ জুলাই (টাইমনিউজবিডি.কম)//এসএইচ





