ইবোলা আক্রান্ত পশ্চিম আফ্রিকার তিনটি দেশ ক্রমে বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে। বৃহস্পতিবার আরও কিছু এয়ারলাইন্স সংকট অঞ্চলে তাদের ফ্লাইট চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে।

প্যারিসের অনুরোধে এয়ার ফ্রান্স সিয়েরা লিওনে তাদের সার্ভিস সাময়িকভাবে বন্ধ রাখতে সম্মত হয়েছে। ফলে দেশটির রাজধানী ফ্রিটাউন এবং পাশ্ববর্তী লাইবেরিয়ার রাজধানী মনরোভিয়াতে এখন মাত্র রয়েল এয়ার মরক্কোর একটি নিয়মিত ফ্লাইট অবশিষ্ট আছে।

এয়ার ফ্রান্স বুধবার জানায়, তারা গিনি এবং নাইজেরিয়ায় তাদের ফ্লাইট চলাচল বজায় রাখবে।

এর একদিন আগে ব্রিটিশ এয়ারওয়েজ জানায়, তারা ইবোলা আতঙ্কের কারণে আগামী বছর পর্যন্ত লাইবেরিয়া ও সিয়েরা লিওনে তার ফ্লাইট চলাচল স্থগিত করছে।

এদিকে পশ্চিম আফ্রিকার ইবোলা আক্রান্ত দেশগুলোর স্বাস্থ্যমন্ত্রীরা বৃহস্পতিবার এই মহামারী মোকাবেলা প্রশ্নে আলোচনার জন্য ঘানার রাজধানী আক্রায় বৈঠকে বসছেন।

জাতিসংঘের ইবোলা বিষয়ক দূত গত সপ্তাহে ইবোলা আক্রান্ত দেশগুলোতে বিমান চলাচল বন্ধ করে দেয়া এয়ার লাইনগুলোর সমালোচনা করে বলেন, ‘এতে করে এসব দেশে জাতিসংঘের পক্ষে কাজ করা কঠিন হয়ে পড়ছে।’

ব্রাসেলসের এয়ার লাইনগুলোও এ অঞ্চলে তাদের বিমান চলাচল কমিয়ে দিয়েছে।

তবে যাত্রীদের চাহিদার প্রেক্ষিতে তারা এ সপ্তাহে ফ্রিটাউন, মনরোভিয়া ও কোনাক্রিতে তিনটি পৃথক ফ্লাইট পরিচালনার প্রতিশ্রুতি দিয়েছে। এসব ফ্লাইটে যাত্রীর পাশাপাশি জাতিসংঘের ৪০ মেট্রিক টন চিকিৎসা সামগ্রীও পরিবহন করা হবে।

ঢাকা, ২৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএমএ