পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর একটি গির্জায় বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ১৪ জন। রোববারের প্রার্থণা চলাকালে হয় হামলাটি।
দেশটির পূর্বাঞ্চলীয় হানতুকুরা এলাকার একটি গির্জায় গত রোববার প্রার্থনা চলাকালে এ হামলা হয়। খবর এএফপি ও বিবিসির। এখন পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার করেনি। কে বা কারা এবং কী কারণে এ হামলা করেছে তা এখনও স্পষ্ট নয়।
জাতিগত ও ধর্মীয় সংঘাতে গত কয়েক বছরে বুরকিনা ফাসোয় কয়েকশ মানুষ প্রাণ হারিয়েছেন। তাদের মধ্যে বেশিরভাগই তথাকথিত জিহাদিগোষ্ঠীর হামলায় মারা গেছেন। এ নিয়ে প্রতিবেশী দেশ মালির সঙ্গে সীমান্তবর্তী অঞ্চলে উত্তেজনা বিরাজ করছে।
এদিকে রোববারের হামলার পর এক বিবৃতিতে আঞ্চলিক সরকার জানিয়েছে, হামলায় বহু মানুষ আহত হয়েছেন।
বুরকিনা ফাসোর আইনশৃঙ্খলা বাহিনীর এক কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন, একদল সশস্ত্র দুর্বৃত্তের হামলায় পাদ্রি ও একাধিক শিশুসহ গির্জায় আগতরা নিহত হয়েছেন। হামলার পর বন্দুকধারীরা স্কুটারে করে পালিয়ে যায়।
অক্টোবর মাসেও, দেশটির একটি মসজিদে জুমার নামাজ চলাকালে এলোপাতাড়ি গুলি চালানো হয়। যাতে, প্রাণ হারান কমপক্ষে ১৫ মুসল্লি। দেশটিতে, ২০১৫ সাল থেকে সীমান্তবর্তী এলাকাগুলোয় সক্রিয় চরমপন্থিরা।
এএস





