ভারতের তেলেঙ্গানা রাজ্যে পোলিওর অস্তিত্ব পাওয়ায় কর্তৃপক্ষ পোলিও নির্মূলে বিশেষ টিকা কার্যক্রম ঘোষণা করেছে আজ।
আগামী সপ্তাহে জরুরি ভিত্তিতে তিন লাখের বেশি শিশুকে ভ্যাকসিন দেয়া হবে। দুবছর আগে ভারতকে পোলিও কবলিত দেশ নয় বলে ঘোষণা দেয়া হয়েছিল।
কিন্তু আবারও পোলিও ভাইরাসের আবির্ভাবের খবর এলো।
সম্প্রতি হায়দ্রাবাদের একটি নালার পানির নমুনা সংগ্রহের পর তা পরীক্ষা করে পোলিও ভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়। ফলে দক্ষিণাঞ্চলীয় তেলেঙ্গানা কর্তৃপক্ষ রাজধানী হায়দ্রাবাদে স্বাস্থ্য সতর্কতা জারি করেছে।
জন্মের পর পোলিও রোগে আক্রান্ত হয়ে শরীরে অঙ্গ বিকল হওয়ার কারণে রোগটি এ অঞ্চলে একসময় ব্যাপক উদ্বেগের কারণ ছিল।
অতীতে বাংলাদেশে পোলিও রোগের প্রাদুর্ভাব থাকলেও, জাতীয়ভাবে টিকা কর্মসূচির মাধ্যমে তা একেবারেই কমিয়ে আনা হয়। ২০০৭ সাল থেকে কোনও পোলিও রোগীর সন্ধান পাওয়া যায়নি।
তবে ভারতে পোলিওর অস্তিত্ব থাকার কারণে বাংলাদেশকে পোলিও মুক্ত হিসেবে ঘোষণা বিশ্ব স্বাস্থ্য সংস্থার ঘোষণা আসে ২০১৪ সালে ।
কারণ এককভাবে কোনও দেশকে পোলিও মুক্ত ঘোষণা না করে সেটি অঞ্চলভিত্তিক করে থাকে, কেননা সীমানা পার হয়েও ভাইরাসের যাতায়াত হতে পারে ।
পাকিস্তান ও আফগানিস্তান এখনো পোলিও কবলিত দেশ হিসেবে বিবেচিত।
এফএফ





