গাজায় ইহুদিবাদী ইসরাইলের বর্বরোচিত আগ্রাসনের প্রতিবাদে ফ্রান্স এবং আমেরিকায় বিশাল বিক্ষোভ হয়েছে।
প্যারিসের প্যাথিওনের সামনে ফিলিস্তিনপন্থি একটি গোষ্ঠী বিক্ষোভ করেছে। ইহুদিবাদী ইসরাইলেরে বিরুদ্ধে ফিলিস্তিনি জনগণের প্রতিরোধ যুদ্ধের প্রতি সমর্থন জানিয়ে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভকারীদের হাতে ফিলিস্তিনের পতাকার পাশাপাশি হামাসের আধ্যাত্মিক নেতা শেখ আহমেদ ইয়াসিন, দ্বিতীয় মহাযুদ্ধের সময়কার ফরাসি প্রতিরোধ যুদ্ধের নেতা জ্যা মলিন এবং মিশরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মরসির ছবি ছিল। এতে লেখা ছিল, ইতিহাস সাক্ষী দিচ্ছে, অতীতে নাৎসিরা জ্যা মলিনকে সন্ত্রাসী বলেছে আর আজ একইভাবে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের সন্ত্রাসী বলা হচ্ছে।
এ ছাড়া, ইহুদিবাদী ইসরাইলে পণ্য বর্জনের আহ্বান জানিয়ে বিক্ষোভকারীরা বলেন, গাজা উপত্যকার বিরুদ্ধে সাত বছরের কঠোর অবরোধের কথা বিশ্ববাসীর মন থেকে ভুলিয়ে দেয়ার চেষ্টা করছে পশ্চিমা গণমাধ্যম।
গাজায় অবরোধ আরোপের মতো অপরাধ তৎপরতায় ইহুদিবাদী ইসরাইলকে সহায়তা করায় ফ্রান্স সরকারের কঠোর সমালোচনা করেন বিক্ষোভকারীরা। আমেরিকার লস অ্যাঞ্জেলস নগরীতেও ইহুদিবাদী ইসরাইলের পাশবিকতার বিরুদ্ধে বিশাল বিক্ষোভ হয়েছে। সূত্র: আইআরআইবি।
ঢাকা, ১৭ আগস্ট, টাইমনিউজবিডি.কম, টিআই





