ওসামা বিন লাদেনের নামে পাকিস্তানে একটি লাইব্রেরির নামকরণ করা হয়েছে। আল কায়েদার সাবেক এই প্রধানের প্রতি সম্মান দেখাতেই লাইব্ররীর নামকরণ করা হয়েছে। লাইব্রেরীটি রাজধানী ইসলামাবাদের বিখ্যাত লাল মসজিদ সংলগ্ন একটি মহিলা মাদ্রাসায় অবস্থিত।
জামিয়া হাফসা নামক এই মাদ্রাসার একটি লাইব্রেরির নাম রাখা হয়েছে ওসামা বিন লাদেন।
শুধু নারী শিক্ষার্থীদের জন্য পরিচালিত ওই মাদ্রাসার মুখপাত্র তাহসিন উল্লাহ শুক্রবার জানান, ২০১১ সালে পাকিস্তানে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের হাতে নিহত ওসামাকে সম্মান জানাতে মাদ্রাসাটির প্রধান মাওলানা আব্দুল আজিজ এ নামকরণ করেন। পাকিস্তানের অনেকেই কাছে ওসামা বিন লাদেন নায়কের মর্যাদা পেয়ে থাকেন।
তিনি আরও জানান, মাওলানা আজিজ মনে করেন, ওসামা বিন লাদেন ইসলামের জন্য শহীদ হয়েছেন। ওই লাইব্রেরিটিতে প্রায় দুই হাজার বই রয়েছে।
প্রসঙ্গত, মাওলানা আজিজ লাল মসজিদেরও ইমাম। ওই মসজিদের অধীনে দুটি মাদ্রাসা পরিচালিত হয়। এর মধ্যে একটি ছেলে ও অন্যটি মেয়েদের জন্য।
মেয়েদের জন্য পরিচালিত হাফসা মাদ্রাসায় প্রায় দেড় হাজার শিক্ষার্থী রয়েছে। মাদ্রাসাটির দায়িত্বে নারী কর্মচারীদের নিয়োগ দেওয়া হয়। সূত্র: বিবিসি
[b]ঢাকা, ১৮ এপ্রিল (টাইমনিউজবিডি) //এমএ[/b]