ইয়েমেনের পূর্বাঞ্চলের প্রদেশ মারিবের ব্যস্ততম বাজারে শুক্রবার শিয়াপন্থী বিদ্রোহীদের রকেট হামলায় নিহত হয়েছেন কমপক্ষে ২০ নাগরিক। আহত হয়েছেন অসংখ্য।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রাদেশিক রাজধানীর গুরুত্বপূর্ণ এই বাজারটিকে লক্ষ্য করে রকেট হামলা চালানো হয়েছে।
হতাহতের ব্যাপারে একজন মেডিক্যাল কর্মকর্তা বলেন, হামলায় কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন। আর আহত হয়েছেন আরও অনেকে।
সৌদি আরব নেতৃত্বাধীন জোটের হামলায় মারিব প্রদেশে নিহত হয়েছে সাতজন বিদ্রোহী। এ ছাড়া জোট বাহিনীর বিমান হামলা অব্যাহত রেখেছে হুতি বিদ্রোহী ও তাদের সহযোগীদের অবস্থান ও বিভিন্ন স্থাপনার ওপর। ধারণা করা হচ্ছে, বিদ্রোহীদের হত্যার প্রতিশোধ নিতেই এ হামলা চালিয়েছে হুতিরা।
প্রসঙ্গত, গত সপ্তাহে মারিবে রকেট হামলায় নিহত হয়েছে সৌদ আরব নেতৃত্বাধীন জোটের ৬০ সেনা সদস্য। এর মধ্যে সংযুক্ত আরব আমিরাতের ৪৫ সেনা সদস্য রয়েছে। জাতিসংঘের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গত মার্চে ইয়েমেনে সংঘর্ষ শুরু হওয়ার পর নিহত হয়েছে ৪ হাজার পাঁচ শ’ লোক।
কেএইচ





