জমে উঠতে শুরু করেছে কলকাতার ঈদ বাজার। স্থানীয় ক্রেতাদের পাশাপাশি বাংলাদেশি ক্রেতাদের ভিড় চোখে পড়ছে কলকাতার বিভিন্ন বিপণী বিতানে।
বিশেষ করে, রাজধানীর ধর্মতলার নিউমার্কেট, হগ মার্কেট, বিগাবাজার, বাজার কলকাতা, মিলান, বিধাতাসহ বেশ কিছু প্রথম সারির দোকানে বাংলাদেশি ক্রেতাদের উপস্থিতি নজর কেড়েছে।
১৯ মে ভারতের লোকসভা নির্বাচনের সপ্তম দফার ভোট ছিল কলকাতাসহ এর আশপাশের দুটি আসনের। ফলে এর দুদিন আগে থেকে নিউমার্কেটের ঈদ বাজারে বেচাকেনায় ছন্দপতন হয়েছিল।
কিন্তু ভোট মিটতেই হুমড়ি খেয়ে পড়েছেন ক্রেতারা। কারণ, হাতে নেই বেশি সময়। ১৪ রমজান ইতিমধ্যে চলে গেছে। তাই শেষ মুহূর্তে পছন্দের জিনিস কিনতে পছন্দের বিপণীবিতানে ভিড় বাড়ছেই ক্রেতাদের।
সোমবার (২০ মে) সন্ধ্যায় নিউমার্কেটের বেশ কয়েকটি দোকানে সরেজমিনে ঘুরে কথা হয় খুলনা, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রামের বেশ কয়েকজন ক্রেতার সঙ্গে। অধিকাংশ ক্রেতার বক্তব্য, বাংলাদেশের জিনিসের মান নিয়ে কোন প্রশ্ন নেই। প্রশ্ন আসলে দাম নিয়ে।
আর ভারতীয় একই জিনিস মিলছে ঢাকাসহ গোটা বাংলাদেশে। কিন্তু অবাক করার মতো বিষয় হচ্ছে কলকাতায় দেড় হাজার রুপির একটি পোশাকের দাম বাংলাদেশ গিয়ে দ্বিগুণ তিনগুণ হয়ে যায়। দামের ব্যবধানের কারণেই ক্রেতারা কলকাতায় ছুটে আসেন বলে দাবি করেন।
যেমন খুলনার একটি বেসরকারি হাসপাতালের পরিচালক শামীম আরা নীলাকে কলকাতায় ঈদের শপিং করতে এসেছেন।
জানান, বাংলাদেশই তাদের প্রথম পছন্দের জায়গা যেখান থেকে তারা কেনাকাটা করেন। কিন্তু তবুও ঈদের সময় কলকাতা থেকেও তারা অনেক শপিং করেন।
এএস





