হামাসের ২৪ ঘণ্টার অস্ত্রবিরতির ঘোষণা সত্ত্বেও রবিবার হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। হামাসের এই অস্ত্রবিরতির ঘোষণাকে ‘প্রশ্নবিদ্ধ’ উল্লেখ করে হামলা অব্যাহতের ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। খবর রয়টার্স।

হামাসের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়, জাতিসংঘের প্রস্তাব, গাজার মানবিক পরিস্থিতি ও ঈদ-উল-ফিতরের বিষয়টি বিবেচনা করে রবিবার স্থানীয় সময় দুপুর ২টা থেকে ২৪ ঘণ্টার অস্ত্রবিরতি করবে তারা। এ ঘোষণার পর দুপুর এবং বিকেলে ইসরায়েলি বাহিনী গাজায় মর্টার ও গোলাবর্ষণ করেছে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে হামাসের বিরুদ্ধে নিজেদের ঘোষিত অস্ত্রবিরতি ভঙ্গের অভিযোগ করেছেন।

গত শনিবার ইসরায়েল ও হামাস ১২ ঘণ্টার অস্ত্রবিরতিতে সম্মত হয়। এরপর শনিবার রাতে জাতিসংঘের আহ্বানে ইসরায়েল আরও ১২ ঘণ্টা অস্ত্রবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দিলেও রবিবার সকালেই গাজায় হামলা চালায়।

গাজায় আরও হতাহত

অস্ত্রবিরতি ভেঙ্গে রবিবার ইসরায়েলি হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। এ নিয়ে টানা ২০ দিনের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১০৬০-এ দাঁড়াল। এর মধ্যে ৮০ শতাংশই বেসামরিক নাগরিক।

হামলায় আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ৬ হাজারে। গাজায় জাতিসংঘের শরণার্থী শিবিরের দেওয়া তথ্যমতে, প্রায় এক লাখ ৭০ হাজার গৃহহীন ফিলিস্তিনি বিভিন্ন শিবিরে আশ্রয় নিয়েছে।

হামলা চলাকালীন এ পর্যন্ত ৪৫ ইসরায়েলি ও এক থাই কর্মী নিহত হয়েছে। নিহত ইসরায়েলিদের মধ্যে ৪৩ জনই দেশটির সেনাবাহিনীর সদস্য।

ঢাকা,২৭ জুলাই,টাইমনিউজবিডি.কম,কেএ