২০১৫ সালে কেনিয়ার উত্তরাঞ্চলে জাতিগত সহিংসতায় কমপক্ষে ৩শ’ ১০ জন নিহত হয়েছে। এ সময় ২ লাখ ১৫ হাজারেরও বেশী লোক বাধ্য হয়ে তাদের ঘরবাড়ি ছেড়ে অন্যত্র চলে গেছে। বুধবার জাতিসংঘ একথা জানায়।
কেনিয়ার উত্তরাঞ্চলীয় রিফট ভ্যালি এলাকায় প্রতিদ্বন্দ্বী বিভিন্ন গ্রুপের মধ্যে প্রায়ই সহিংস ঘটনা ঘটে। এতে চলতি বছরের প্রথম ছয়মাসে কমপক্ষে ৩১০ জন নিহত ও ২ লাখ ১৫ হাজার লোক তাদের ঘরবাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে। এ সংখ্যা ২০১৪ সালের মোট সংখ্যার প্রায় সমান।
মানবিক সমন্বয় বিষয়ক জাতিসংঘ দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, কেনিয়ার রিফট ভ্যালিতে বিভিন্ন জাতির মধ্যে দ্বন্দ্ব রয়েছে। আর এ দ্বন্দ্ব বিভিন্ন সময় চরম সংঘাতে রূপ নেয়।
২০১৫ সালের ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত প্রতিদ্বন্দ্বী বিভিন্ন গ্রুপের মধ্যে সীমান্ত, গবাদিপশু ও প্রতিশোধমূলক ঘটনাকে কেন্দ্র করে কমপক্ষে ৩১০ জন নিহত ও ১৯৫ জন আহত হয়েছে। এছাড়াও এ সময়ের মধ্যে প্রায় ২ লাখ ১৬ হাজার ২৯৪ জন লোক বাধ্য হয়ে তাদের ঘরবাড়ি ছেড়ে চলে গেছে।
উল্লেখ্য, কেনিয়ার উত্তরাঞ্চলীয় তুরকানা, বারিনগো, সামবুরু, মারসাবিত ও ইসিওলোতে সবচেয়ে বেশী সহিংস ঘটনা ঘটে থাকে।
জাতিসংঘ জানায়, ২০১৪ সালে কেনিয়ায় সহিংসতায় ৩১০ জন নিহত ও ২ লাখ ২০ হাজার লোক গৃহহীন হয়।
জেডআই





