দক্ষিণ কোরিয়ায় একটি ফেরি ডুবে অন্তত ৩০০ যাত্রী নিখোঁজ রয়েছেন। এর মধ্যে মাত্র তিন জনের লাশ উদ্ধার করা হয়েছে বলে সর্বশেষ খবরে জানা গেছে। বুধবার এ ফেরি ডুবির ঘটনা ঘটে। খবর রয়টার্স ও বিবিসি'র।
উদ্ধারকারী দল, কোস্টগার্ড বাহিনী অবিরাম উদ্ধার তৎপরতা চালিয়েও কোন কূল-কিনারা করতে পারছে না। জাহাজ, ফিশিং বোট ও হেলিকপ্টার দিয়ে উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে। এটিই হচ্ছে গত দুই দশকের মধ্যে দেশটিতে সবচেয়ে বড় নৌ দুর্ঘটনা।
কোস্টগার্ড কর্তৃপক্ষ জানিয়েছে, ফেরিটিতে ৪৫৯ জন যাত্রী ছিল। এর মধ্যে মাত্র ১৬৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বাকিদের ভাগ্যে কী ঘটেছে তা এখনই বলা যাচ্ছে না। তবে ধারণা করা হচ্ছে সবারই সলিল সমাধি হয়েছে।
দক্ষিণ কোরিয়ার দক্ষিণ-পশ্চিম উপকূলে এ দুর্ঘটনা ঘটে। যাত্রীদের বেশিরভাগই স্কুলছাত্র বলে জানা গেছে। তারা রাজধানী সিউলের একটি স্কুলের ছাত্র। তারা একটি ফিল্ড ট্রিপে অংশ নিতে জেঝু দ্বীপে যাচ্ছিল। সঙ্গে তাদের শিক্ষকেরাও ছিলেন। উল্লেখ্য, দ্বীপটি উপকূলের সীমানা থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে অবস্থিত। সূত্র: রয়টার্স ও বিবিসি
[b]ঢাকা, ১৬ এপ্রিল (টাইমনিউজবিডি) //এমএ[/b]