মিসরের রাজধানী কায়রোর প্রেসিডেন্ট প্রাসাদে ঢোকার সময়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরিকে হেনস্তা করা হয়েছে। দেহ তল্লাসি করা হয়েছে। হামাসের হাতে ইসরাইল ব্যাপক মার খাওয়ার পর গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার লক্ষ্যে গত মঙ্গলবার কায়রো সফরের সময়ে এ ঘটনা ঘটেছে।
কায়রোর প্রেসিডেন্ট প্রাসাদে ঢোকার সময়ে মিশরের নিরাপত্তা বাহিনীর এক সদস্য জন কেরির দেহ তল্লাসি করে। হাতে ব্যবহারযোগ্য স্ক্যানার দিয়ে কেরির দেহ তল্লাসি চালান হয়।
এ নিয়ে দু'দেশের মধ্যে খানিকটা কূটনৈতিক টানাপোড়েন দেখা দিয়েছিল। কেউ কেউ ধারণা করছেন, ইচ্ছাকৃত ভাবেই এমনটি ঘটানো হয়েছে। অবশ্য মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি’র মুখপাত্র একে স্বাভাবিক ভাবেই গ্রহণ করেছেন। একে তার ভাষায় ‘স্বতঃস্ফূর্ত’ ঘটনা হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এ জাতীয় নিরাপত্তা ব্যবস্থা খুবই স্বাভাবিক।
আমেরিকা সফরকালে মিশরের এক উচ্চ পদস্থ কর্মকর্তা এবং দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী নাবিল ফাহমিও এমন পরিস্থিতিতে পড়েছিলেন বলে জানান মুখপাত্র এহাব বাদাভি।
অন্যদিকে মিশরের পররাষ্ট্র দফতরের কর্মকর্তারা এ ঘটনার ব্যাখ্যা দিতে যেয়ে বলেন, বিদেশি ব্যক্তিত্বদের সঙ্গে কি ধরণের আচরণ করতে হবে সে বিষয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা ভাল ভাবে অবহিত না থাকায় এমনটি ঘটেছে। সূত্র: আইআরআইবি।
ঢাকা, ২৫ জুলাই, টাইমনিউজবিডি.কম, এনএস





