ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেতা লেপোলদো লোপেজকে ১৩ বছর, ৯ মাস, ৭ দিন কারাদণ্ড দেয়া হয়েছে। তার আইনজীবী রবার্তো মারেরো এ কথা জানিয়েছেন।

জনপ্রিয় ও ভিন্নামতাবলম্বী এই অর্থনীতিবিদ ২০১৪ সালের ফেব্রুয়ারি মাস থেকে সামরিক জেলখানায় আছেন। দেশটির বামপন্থী প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সরকারের বিরুদ্ধে বিক্ষোভে প্ররোচনা দেয়া ও সরকার উৎখাতের চেষ্টা করার দায়ে তাকে অভিযুক্ত করা হয়েছে।

গত বছর ফেব্রুয়ারিতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়া বিক্ষোভকারীদেরকে নেতৃত্ব দেয়ার অভিযোগে লোপেজকে বৃহস্পতিবার কারাকাসের একটি আদালত দোষী সাব্যস্ত করেন।

আদালত বলেছেন, রামো ভার্দোতে সামরিক জেলখানায় তাকে শাস্তি ভোগ করতে হবে। আটক হওয়ার পর থেকে তিনি সেখানেই আছেন।

দেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের অভাব ও অস্তমিত অর্থনীতির বিরুদ্ধে বিক্ষোভ করেন। গত বছর ফেব্রুয়ারি থেকে জুন মাস পর্যন্ত সংঘর্ষে ৪৩ জন নিহত হয়েছেন।

সমর্থকদের উদ্দেশ্যে জ্বালাময়ী ভাষণ দেয়ার ফলে ২০১৪ সালের ১৮ ফেব্রুয়ারি লোপেজকে গ্রেফতার করা হয়।

আইনসভার নির্বাচন দেয়ার জন্য কর্তৃপক্ষের উপর চাপ সৃষ্টি করতে ওই বছর মে মাসে মাসব্যাপী অনশন করেন ৪৪ বছর বয়সী বিরোধী দলীয় এই নেতা।

সরকার ভোট গ্রহণের জন্য ৬ ডিসেম্বর ভোট গ্রহণের দিন ধার্য করলে তিনি অনশন ভঙ্গ করেন।

জেডআই