জিম্বাবুয়ের দীর্ঘদিনের শাসক প্রেসিডেন্ট রবার্ট মুগাবের জন্মদিনের পার্টিতে দুটি হাতি উপহার দিয়েছেন দেশটির একজন কৃষক। হাতির মাংস দিয়ে খুব সহজেই অতিথিদের আপ্যায়ন করা যাবে, এই উদ্দেশ্যেই এরকম উপহার। খবর ওয়ার্ল্ডবুলেটিনের।
আগামী ২৮ ফেব্রুয়ারি রবার্ট মুগাবের ৯১তম জন্মদিন। বেশ জাকজমকের সঙ্গেই পালিত হবে দিনটি। জন্মদিনের পার্টিতে অন্তত ২০ হাজার অতিথি অংশগ্রহণ করবেন বলে ধারণা করা হচ্ছে।
জন্মদিনে হাতি উপহার দেওয়ার ব্যাপারে কৃষক টেন্ডাই মুসাসা বলেন, "প্রেসিডেন্ট আমার জন্য অনেক কিছু করেছেন এবং আমার মতোই অনেকের জন্যই তিনি কাজ করেছেন।" মুসাসা হলেন জিম্বাবুয়ের বিখ্যাত ভিক্টোরিয়া জলপ্রপাত এলাকার কৃষকদের একটি সংগঠনের চেয়ারম্যান।
১৯৮৭ সাল থেকে বহু বিতর্কের মধ্যে দিয়ে দেশ শাসন করে আসছেন রবার্ট মুগাবে। বয়োবৃদ্ধ প্রেসিডেন্টের জন্মদিনটি বেশ ঘটা করে পালনের উদ্যোগ নিয়েছে তার রাজনৈতিক দল 'জানু-পিএফ'।
শুধু হাতিই নয়, উপহার হিসেবে তিনি কচ্ছপও দিচ্ছেন। কেননা, কচ্ছপ মুগাবের খুব প্রিয়। এ ছাড়া, সিংহখচিত একটি ট্রফিও দিচ্ছেন কৃষক মুসাসা।
তবে, মুসাসার এই হাতি উপহার ও তার মাংস খাওয়ানোর উদ্যোগকে নৈতিকতা বিরোধী বলে অভিযোগ করেছেন দেশটির কনজারভেশন টাস্ক ফোর্সের চেয়ারম্যান জনি রড্রিগেজ। কোন অনুষ্ঠানে বন্য প্রাণী খাওয়ানো বা উপহার দেয়া উচিত নয় বলে মনে করেন তিনি।
এমএ





