আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামার কাজে বেশিরভাগ মার্কিনীর সমর্থন নেই। নিউ ইয়র্ক টাইমস এবং সিবিএস নিউজ পরিচালিত এক জরিপের ফলাফলে এ তথ্য বেরিয়ে এসেছে।

জরিপের ফলাফলে দেখা যাচ্ছে, বারাক ওবামার বর্তমান গ্রহণযোগ্যতা প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশের ২০০৬ সালের পর্যায়ে নেমে এসেছে। সেই সময় ডেমোক্রেটিক পার্টি মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের উভয় কক্ষে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল।

বারাক ওবামার পররাষ্ট্রনীতির প্রতি জনসমর্থন ৩৪ শতাংশে এসে ঠেকেছে। সন্ত্রাসবাদ দমনের ক্ষেত্রে তার জনসমর্থন দাঁড়িয়েছে ৪১ শতাংশে। ২০০৬ সালে জর্জ ডাব্লিউ বুশের প্রতি জনসমর্থন এর চেয়েও বেশি ছিল।
এছাড়া, ৫৬ শতাংশ মার্কিনী অর্থনৈতিক ক্ষেত্রে ওবামার নীতির প্রতি অনাস্থা প্রকাশ করেছে। সব মিলিয়ে বেশিরভাগ মার্কিন নাগরিক বারাক ওবামার সার্বিক কার্যক্রমকে সমর্থন করছে না। ৬৬ ভাগ মার্কিনী মনে করে- আমেরিকা ভুল পথে আছে।

নতুন জরিপে দেখা গেছে, আমেরিকা মধ্যপ্রাচ্যে আরেকটি যুদ্ধে জড়িয়ে পড়ুক বেশিরভাগ মার্কিনী তা চায় না।এ যুদ্ধ অনেক দীর্ঘায়িত এবং ব্যয়বহুল হবে বলে তারা আশঙ্কা করছে।

ঢাকা, ১৯ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, টিআই