দক্ষিণ সুদানের প্রেসিডেন্ট সালভা কির যুদ্ধবিরতির বিষয়ে দেশটির বিদ্রোহী নেতা রিয়েক মাচার সঙ্গে চুক্তিতে পৌঁছেছেন। আফ্রিকার আটটি দেশকে নিয়ে গঠিত আইজিএডি নামের রাজনৈতিক ও বাণিজ্যিক জোটের বিবৃতিতে এ কথা জানান হয়েছে। দক্ষিণ সুদানে গত কয়েকমাস ধরে চলমান গৃহযুদ্ধ বন্ধের বিষয়ে মধ্যস্থতা করছে আইজিএডি।
বিবৃতিতে বলা হয়েছে, চুক্তি স্বাক্ষরের ২৪ ঘণ্টার মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হবে এবং ক্ষতিগ্রস্ত সব ব্যক্তি সহায়তার জন্য মানবিক তৎপরতা চালাতে দেয়া হবে।
দেশটির গৃহযুদ্ধের অবসান ঘটানোর লক্ষ্যে শুক্রবার ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় প্রথমবারের মতো মুখোমুখি আলোচনায় বসেন প্রেসিডেন্ট কির এবং বিদ্রোহী নেতা মাচার।
এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জন কেরি যুদ্ধবিরতির জন্য সম্পাদিত চুক্তির বিষয়ে বলেছেন, চুক্তিটি 'দক্ষিণ সুদানের ভবিষ্যতের জন্য একটি প্রধান সাফল্য হিসেবে চিহ্নিত হতে পারে'। তিনি আরো বলেন, "একটি দীর্ঘ পথের উপর কঠিন যাত্রা এখন শুরু হলো এবং এটা অব্যাহত রাখতে হবে"।
দক্ষিণ সুদানের বিবাদমান দুই পক্ষকে একটি চুক্তির অধীনে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন জন কেরি।
সুদানের সঙ্গে কয়েক দশক ধরে সংঘর্ষের পর ২০১১ সালে পাশ্চাত্যের সমর্থনে আলাদা হয়ে যায় খ্রিস্টান অধ্যুষিত দক্ষিণ সুদান। এরপর নবগঠিত দেশটির প্রেসিডেন্ট সালভা কির তার সরকারের বিরুদ্ধে অভ্যুত্থান প্রচেষ্টার দায়ে অভিযুক্ত করে ভাইস প্রেসিডেন্ট রিয়েক মাচারকে সরিয়ে দেন। মাচার তার বিরুদ্ধে আনিত অভিযোগ প্রত্যাখ্যান করে বিদ্রোহী সেনাবাহিনী গঠন করে কির সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। সূত্র: বিবিসি।
[b]ঢাকা, ১০ মে(টাইমনিউজবিডি) // টিআই
[/b]