যুক্তরাষ্ট্রের মিজৌরি অঙ্গরাজ্যে শ্বেতাঙ্গ পুলিশের গুলিতে নিরস্ত্র কৃষ্ণাঙ্গ তরুণ মাইকেল ব্রাউন নিহত হওয়ার বর্ষপূর্তিতে সহিংসতার পর সেন্ট লুইস শহর ও আশপাশের এলাকায় জরুরি অবস্থা জারি করা হয়েছে।
নতুন সহিংসতা ঠেকানোর জন্য জরুরি অবস্থা চলার মধ্যেই সেন্ট লুইসের ফার্গুসন এলাকার প্রতিবাদকারীরা সোমবার সন্ধ্যায় ফের জড়ো হয়েছেন।
ব্রাউন যেখানে নিহত হয়েছিলেন, সেই রাস্তার পাশে জড়ো হয়ে প্রতিবাদকারীরা পতাকা নাড়িয়ে, ড্রাম বাজিয়ে পুলিশবিরোধী স্লোগান দেন।
২০১৪ সালে শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তা ড্যারেন উইলসনের গুলিতে ব্রাউন নিহত হওয়ার ঘটনায় যুক্তরাষ্ট্রজুড়ে প্রতিবাদের ঝড় বয়ে গিয়েছিল।
রোববার ব্রাউনের নিহত হওয়ার বর্ষপূর্তিতে সারাদিন শান্তিপূর্ণভাবে বিভিন্ন প্রতিবাদ কর্মসূচি পালিত হলেও গভীর রাতে পুলিশের সঙ্গে গোলাগুলিতে ১৮ বছর বয়সী এক তরুণ আহত হন।
এ ঘটনাকে কেন্দ্র করে পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
আহত টাইরন হ্যারিসকে সঙ্কটাপন্ন অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। তাকে গ্রেপ্তার দেখিয়ে তার বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ এনেছেন স্থানীয় পাবলিক প্রসিকিউটর। এসবের মধ্যে আইনপ্রয়োগকারী সংস্থার উপর হামলা, সশস্ত্র অবস্থায় অপরাধ এবং আগ্নেয়াস্ত্র ব্যবহার করে গাড়িতে গুলিবর্ষণ অন্যতম।
আড়াই লাখ ডলারের বিনিময়ে তার জামিন নির্ধারণ করা হয়েছে।সেন্ট লুইস কাউন্টি এক্সিকিউটিভ স্টিভ স্টেঙ্গার জানিয়েছেন, ‘জনমানুষ ও সম্পদের ক্ষতির আশঙ্কা থাকায়’ তিনি জরুরি অবস্থা জারি করেছেন।
ফার্গুসনের কয়েকজন ব্যবসায়ী জানিয়েছেন, আগ্নেয়াস্ত্র ব্যবহার করে তারা নিজেদের ব্যবসা সুরক্ষার জন্য প্রস্তুত আছেন।
রোববার রাতে ভাংচুরে ক্ষতিগ্রস্ত সেলুন মালিক দেলেনা জোন্স তার দোকানের ভেঙে ফেলা জানালায় একটি সাইন লাগিয়ে রেখেছেন। তাতে লেখা, “আমাদের অবশ্যই একে অপরকে হত্যা বন্ধ করা উচিত।”
ব্রাউন নিহত হওয়ার দিনটিতে ব্রাউন ও অন্যান নিরস্ত্র কৃষ্ণাঙ্গ ব্যক্তিদের হত্যার প্রতিবাদে একদিনের আইন অমান্য আন্দোলনের ডাক দিয়েছিলেন সেন্ট লুইসের নাগরিক অধিকার আন্দোলনকারী গোষ্ঠীগুলো।
এদিন সেন্ট লুইসের আদালতের প্রবেশপথে বসানো পথরোধক ভেঙে ফেলায় ও প্রবেশপথে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় পুলিশ মোট ৫৭ জনকে গ্রেপ্তার করেছে বলে মিজৌরির পূর্বাঞ্চলীয় এলাকাগুলোর ফেডারেল আইনজীবীর দপ্তর থেকে জানানো হয়েছে।
গ্রেপ্তারদের মধ্যে প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও নাগরিক অধিকার আন্দোলনকারী কর্নেল ওয়েস্ট রয়েছেন বলে জানিয়েছেন প্রতিবাদ আয়োজনের সংগঠকরা।
এএইচ





