উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে গ্রেফতার করেছে ব্রিটিশ পুলিশ।

আজ (১১ এপ্রিল) বৃহস্পতিবার লন্ডনের ইকুয়েডরের দূতাবাস থেকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ পুলিশ।

২০১২ সালে ইকুয়েডরের দূতাবাসে আশ্রয় গ্রহণ করেছিলেন অ্যাসাঞ্জ।

ব্রিটিশ পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, ৪৭ বছর বয়সী অ্যাসাঞ্জকে ইকুয়েডরের দূতাবাস থেকে গ্রেফতার করেছে মেট্রোপলিটন পুলিশ সার্ভিস বা এমপিএস।

পুলিশ আরও বলেছে, ইকুয়েডর সরকার তার আশ্রয় বাতিল করার পর দেশটির দূতাবাসে পুলিশ দলকে আমন্ত্রণ জানানো হয়।

ইকুয়েডরের রাষ্ট্রদূত এই আমন্ত্রণ জানিয়েছেন।

ভিডিও ফুটেজে দেখা গেছে, কয়েক ব্যক্তি জোরপূর্বক অ্যাসাঞ্জকে দূতাবাসে ভেতর থেকে বের করে অঙ্গনে পুলিশের গাড়িতে তুলছেন।

এদিকে উইকিলিকস এই ঘটনার নিন্দা করেছে। পাশাপাশি অ্যাসাঞ্জকে পুলিশের হাতে তুলে দেয়ার মাধ্যমে আন্তর্জাতিক আইন ইকুয়েডর লঙ্ঘন করেছে বলেও বিবৃতিতে অভিযোগ করা হয়েছে।

জুলিয়ান অ্যাসাঞ্জ ২০১২ সালের ১৯ জুন লন্ডনের ইকুয়েডর দূতাবাসে রাজনৈতিক আশ্রয় নিয়েছিলেন। গ্রেফতার এবং তার পরিণামে আমেরিকায় ফেরত পাঠানোর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এমনটি করেছিলেন তিনি। 

এমবি