ভয়াবহ মানবিক বিপর্যয় এড়াতে ৭২ ঘন্টার যুদ্ধবিরতি ঘোষণা সত্ত্বেও অবরুদ্ধ গাজা উপত্যকার রাফাহ শহরে আগ্রাসন চালাতে গিয়েছিল ইহুদিবাদী ইসরাইল। তাদের পাশবিক হামলায় অন্তত ৪০ ফিলিস্তিনি বেসামরিক নাগরিক নিহত ও ২০০ জন আহত হন। তবে দখলদার ইহুদীদেরও ক্ষয়ক্ষতি হয়েছে।

তেল আবিব স্বীকার করেছে, হামাসের যোদ্ধাদের হামলায় তাদের দুই সেনা নিহত ও একজন নিখোঁজ হয়েছে। নিখোঁজ সেনার নাম সেকেন্ড লেফটেনেন্ট হাদার গোলদিন (২৮)। হামাস তাকে অপহরণ করেছে বলে ইসরাইলি সেনাবাহিনী আশঙ্কা প্রকাশ করেছে।

তবে হামাস ওই ইসরাইলি সেনাকে আটকের খবর নিশ্চিত করেনি। হামাসের মুখপাত্র সামি আবু জুহরি বলেছেন, যুদ্ধবিরতি লঙ্ঘন করে ফিলিস্তিনি নারী ও শিশুদের ওপর নিজের গণহত্যাকে বৈধতা দিতে চায় ইসরাইল।

হামাসের সামরিক শাখা ইজ্জাদ্দিন কাসসাম ব্রিগেড অবশ্য বলেছে, ইহুদিবাদী সেনারা যুদ্ধবিরতি লঙ্ঘন করে রাফাহ শহরে হামলা চালালে তারাও পাল্টা শক্ত জবাব দিয়েছেন। তবে সে হামলায় দখলদার শত্রুদের কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে তা জানায়নি কাসসাম ব্রিগেড।

এর আগে গত ২১ জুলাই একজন ইসরাইলি সেনাকে আটকের খবর দিয়েছিল হামাস। শাউল আরোন নামের ওই সেনার ছবি এবং আইডি নম্বরও প্রকাশ করেছিল হামাস।

ইহুদিবাদী ইসরাইল প্রথমে এ খবর অস্বীকার করলেও পরে জানায় তার এক সেনা নিখোঁজ হয়েছে। তারও কয়েকদিন পর তেল আবিব দাবি করে, নিখোঁজ সেনা গাজা যুদ্ধে নিহত হয়েছে।

ঢাকা, ১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেবি