ইয়েমেনের সেনাবাহিনী ও হাউথি বিদ্রোহীদের সংঘর্ষে অন্তত ৫০ জন নিহত হয়েছেন। এর মধ্যে ২০ জন সেনা ও ৩০ জন বিদ্রোহী। রাজধানী সানার উত্তরে কয়েকদিন ধরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ চলছে।

আলজাজিরা সংবাদদাতা সানা থেকে জানিয়েছেন, জাওফ প্রদেশে উভয় পক্ষের ভয়ঙ্কর সংঘর্ষ এখনও চলছে। তিনি জানান, নিহতদের মধ্যে অন্তত ২০ জন সেনাসদস্য এবং ৩০ জন বিদ্রোহী।

খবরে বলা হয়েছে, রাজধানী সানা এবং জাওফ ও মারিব প্রদেশের মধ্যকার একটি সংযোগস্থলের নিয়ন্ত্রণ নিয়ে এ সংঘর্ষ চলছে। কৌশলগত কারণে ওই সংযোগস্থলটি খুবই গুরুত্বপূর্ণ। স্থানটির দখল যে পক্ষ নেবে তারা সেখানে তাদের অবস্থান শক্ত করবে। কারণ এটি একটি প্রধান সড়ক, যা সরাসরি সানার সঙ্গে সংযুক্ত।

ইয়েমেনের ৩৩ বছরের স্বৈরশাসক আলী আব্দুল্লাহ সালেহর পতনের পর দেশটিতে বিভিন্ন বিদ্রোহী সংগঠন তাদের অবস্থান সংহত করেছে। ১১ মাসের গণঅভ্যুত্থানের পর ২০১২ সালের ফেব্রুয়ারি মাসে পদত্যাগ করতে বাধ্য হন সালেহ। সূত্র : আলজাজিরা।

ঢাকা, ৭ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই