নিজের স্কুলের ছাত্রীকে ধর্ষণের অভিযোগ এক অশিক্ষক কর্মচারীর বিরুদ্ধে। আর সেই অভিযুক্তের থেকে টাকা নিয়েই বিষয়টি মিটিয়ে ফেলার জন্য নাকি তদবির করেছিলেন প্রধান শিক্ষক। এমনই অভিযোগ উঠেছে ভারতের নৈহাটি ব্লাইন্ড স্কুলের প্রধান শিক্ষক সন্দীপ দত্তের বিরুদ্ধে। গ্রেপ্তার হয়েছে মূল অভিযুক্ত। জিজ্ঞাসাবাদ করা হয়েছে প্রধান শিক্ষককেও।
এক দৃষ্টিহীন ছাত্রী এই নারকীয় অত্যাচারের শিকার হয়েছিল। স্কুলেরই অশিক্ষক কর্মচারী বিপ্লব কোনাই এই ছাত্রীটিকে ধর্ষণ করে বলে অভিযোগ। আর এই ঘটনাটি ঘটেছিল গত ১১ এপ্রিল। এখানেই শেষ নয়। এই গোটা ঘটনাটি নাকি ধামাচাপা দিতে সালিসি করেন খোদ স্কুলের প্রধান শিক্ষক সন্দীপ দত্ত।
অভিযোগ, ওই অশিক্ষক কর্মচারীর কাছ থেকে ১১ হাজার টাকা নিয়ে বিষয়টি মিটমাট করে নিতে বলেন তিনি। ঘটনার চার মাস পর শনিবার নৈহাটি থানায় অভিযোগ জানান এই নির্যাতিতা ছাত্রী। গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত কর্মচারীকে। জিজ্ঞাসাবাদ করা হয়েছে প্রধান শিক্ষককেও। সূত্র : জি নিউজ
ঢাকা, ২৪ আগস্ট, টাইমনিউজবিডি.কম, টিআই





