মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর প্রধান বাবাকার গাই বাধ্যতামূলক পদত্যাগ করেছেন। যৌন কেলেঙ্কারি ও অসদাচারণের অভিযোগে তাকে পদত্যাগ করতে বাধ্য করা হয়।
বুধবার জাতিসংঘের মহাসচিব বান কি মুন সাংবাদিকদেরকে বলেছেন যে তিনি সেনেগালের বাবাকার গাই'র পদত্যাগপত্র গ্রহণ করেছেন।
তিনি বলেন, "মানুষ বিশ্বাসের পরিবর্তে ভয় করে এমন কোনো কর্মকাণ্ড আমি সহ্য করব না। যারা জাতিসংঘের জন্য কাজ করবে তাদেরকে অবশ্যই সর্বোচ্চ আদর্শ ধারণ করতে হবে। কিছু ব্যক্তিবর্গের জঘন্য ও অশোভন কর্মকাণ্ডের জন্য হাজার হাজার শান্তিরক্ষীদের বীরত্ব ধ্বংস হয়ে যাচ্ছে।"
সংবাদ সম্মেলনে বান কি মুন আরো বলেন, "প্রতিটি অভিযোগ পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করা হবে।"
মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের রাজধানী বাঙ্গিতে শান্তিরক্ষীদের বিরুদ্ধে চলতি মাসে ১৬ বছরের এক কিশোর ও তার বাবাকে হত্যা এবং ১২ বছরের আরেক কিশোরীকে ধর্ষণের অভিযোগ আনে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। অভিযোগ আনার দুই দিন পর এমন ঘোষণা আসল।
আল জাজিরার প্রতিবেদক জানিয়েছেন, আগামী বৃহস্পতিবার বা শুক্রবার নিরাপত্তা পরিষদের বিশেষ সভা আহবান করতে পারেন বান কি মুন।
জেডআই





