[b]কলকাতা:[/b] পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় এক অভাবনীয় ঘটনা ঘটেছে। সালিশ বৈঠক ডেকে গণধর্ষণ করা হয় এক কিশোরীকে। ভিন্ন সম্প্রদায়ের যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক থাকায় ওই কিশোরীকে গণধর্ষণের 'শাস্তি' দেন গ্রামের মোড়লরা। বৃহস্পতিবার এ খবর জানিয়েছে জি নিউজ।
জানা গেছে,ভিন্ন সম্প্রদায়ের যুবকের সঙ্গে সম্পর্ক রাখায় বীরভূমের লাভপুরের এক আদিবাসী কিশোরীকে গণধর্ষণের রায় দেন মোড়লরা। গুরুতর অসুস্থ অবস্থায় সিউড়ি সদর হাসপাতালে ভর্তি হয়েছেন ওই কিশোরী। ঘটনায় এখনও পর্যন্ত এগারো জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চলছে।
জি নিউজ আরো জানায়, লাভপুরের সুবলপুরের আদিবাসী কিশোরীর সঙ্গে চদ্দাহা গ্রামের এক যুবকের সম্পর্ক তৈরি হয়। ভিন্ন সম্প্রদায়ের মধ্যে এই সম্পর্ককেই সহজভাবে নিতে পারেননি গ্রামবাসীরা। ঘটনা জানাজানি হতেই গ্রামের মাতব্বরদের ডাকে সভা বসে গ্রামে।
এদিকে, কিশোরীর পরিবারের অভিযোগ,সভায় গ্রামের মোড়লরা কিশোরীর গণধর্ষণের শাস্তির রায় দেয়। এরপর মঙ্গলবার রাতে জঙ্গল থেকে উদ্ধার হয় কিশোরীর অচেতন দেহ। গুরুতর অসুস্থ অবস্থায় প্রথমে লাভপুর স্বাস্থ্যকেন্দ্র পরে সিউড়ি মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয় কিশোরীকে।
সিউড়ি থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করে আদিবাসী ওই কিশোরীর পরিবার। ঘটনায় ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার পর থেকেই আতঙ্কে রয়েছেন ওই কিশোরী ও তার পরিবার। দোষীদের কড়া শাস্তির দাবি জানিয়েছেন তারা। সূত্র: জি নিউজ
ঢাকা: ২৩ জানুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এসএমএ