ভারতীয় সামীন্ত এলাকার শূন্যরেখায় পাকিস্তানি সেনাবাহিনীর ভারি মর্টার শেল হামলায় ২ ভারতীয় নাগরিক নিহত হয়েছে। এই হামলায় আরও অনেকে আহত হয়েছে বলে দাবি করছে ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

আজ (২৬ ফেব্রুয়ারি) মঙ্গলবার ভারতনিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পঞ্চ জেলায় বিকাল সাড়ে ৬টার দিকে এই হামলার ঘটনা ঘটে।

সেনা মুখপাত্র জানান, পঞ্চ এলাকায় নিয়ন্ত্রণ লাইনের কাছে পাকিস্তান যুদ্ধবিরতি লঙ্ঘন করে ভারি মর্টার শেল ও অস্ত্র দিয়ে এ হামলা চালায়। এতে অনেকে আহত হয়েছে বলে জানানো হয়।

ওই এলাকার পুলিশ দাবি করছে, পাক সেনারা গ্রামবাসীর ওপর মর্টার বোমা হামলা চালায়।

ভারত দাবি করছে ২৩ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান। এর আগে জুনে পাকিস্তান সেনার বিশেষ বাহিনী ভারতীয় ৩ জওয়ানকে হত্যা করেছে। এছাড়া ২৩ জন আহত হয়েছে।

এদিকে আজ(মঙ্গলবার)ভোর রাতে ভারতীয় বিমানবাহিনী পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া এলাকায় বালাকোটের নিয়ন্ত্রণরেখা বরাবর বোমা হামলা করেছে। এতে ২০০-৩০০ জন নিহত হয়েছে বলে দেশটির সংবাদমাধ্যমে বলা হয়। তবে এই হামলায় কোনো হতাহত হয়নি বলে জানিয়েছেন পাকিস্তানের আন্তঃবাহিনী গণসংযোগ অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল আসিফ গফুর।

এদিকে ইমরান খানের নেতৃত্বে দেশটির জাতীয় নিরাপত্তা কমিটির জরুরি বৈঠকের পর এক বিবৃতিতে বলা হয়, ভারত যে স্থানে হামলা করার দাবি জানিয়েছে, সেখানে সরেজমিনে পরিদর্শনের জন্য বিশ্বের জন্য স্থানটি খোলা রাখা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ভারতীয় সরকার আরেকবার তাদের আত্মস্বার্থে বেপরোয়া কাল্পনিক দাবির আশ্রয় নিয়েছে। “ঘরোয়া এবং আন্তর্জাতিক গণমাধ্যমকে ঘটনাস্থলে নিয়ে যাওয়া হচ্ছে। ভারত অনাকাঙ্ক্ষিতভাবে যে আগ্রাসন চালিয়েছে, সময় ও স্থান অনুসারে পাকিস্তান তার জবাব দেবে।”

বৈঠকে পাকিস্তানের পররাষ্ট্র, প্রতিরক্ষা, অর্থমন্ত্রী ও সেনাপ্রধান উপস্থিত ছিলেন।

এমবি