ভারত অধিকৃত কাশ্মিরে বন্দুকধারীদের সাথে সংঘর্ষে ভারতীয় নিরাপত্তা বাহিনীর ৫ সদস্য নিহত হয়েছে।

নিহতদের মধ্যে ৪ সেনা জওয়ান এবং ১ জন জুনিয়র কমিশনড অফিসার।

আজ সোমবার ( ১১ অক্টোবর) পুঞ্চ জেলার দেহরা কি গলি অঞ্চলে এ সংঘর্ষ হয়।

ভারতীয় সেনাবাহিনীর মুখপাত্র লেফট্যানেন্ট কর্নেল দেবেন্দ্র আনন্দ জানান, ‘পুঞ্চের দেহরা কি গলি অঞ্চলের সুরানকোট গ্রামে উগ্রবাদীদের অনুপ্রবেশের খবর পায় নিরাপত্তাবাহিনী।

এরপরই সেখানে অভিযান চালায় সেনা ও পুলিশ। সেই সময় যৌথ বাহিনীর উপর উগ্রবাদীরা পাল্টা হামলা চালায়। এতেই গুরুতর আহত হন সেনাবাহিনীর ৫ সদস্য।

আহতদের সবাইকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন। নিহতদের মধ্যে ৪ জন সেনা জওয়ান ও ১ জন জুনিয়র কমিশনড অফিসার।’

এরমধ্যেই পুঞ্চ জেলারই মুঘল রোডের কাছে চামরের অরণ্যেও সেনাবাহিনী ও বন্দুকধারীদের মধ্যে গুলির সংঘর্ষ হয়।

ধারণা করা হচ্ছে, সেখানে ৩-৪ জন বন্দুকধারী আটক রয়েছে। চিরুনি তল্লাশির জন্য চামরের অরণ্যে আরো পুলিশ ও সেনা মোতায়ের করা হয়েছে। তথ্যসূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস।

এইচএন