নয়াদিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশনের (এনডিএমসি) সর্বশেষ তথ্য অনুযায়ী, ২৯ আগস্ট থেকে এখন পর্যন্ত ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছেন ৩৭১ জন, চিকনগুনিয়ায় ৬১ জন এবং ডেঙ্গুতে ৭৫৯ জন। গত বছর একই সময়ে ম্যালেরিয়ায় আক্রান্ত ছিলেন ২৩৭ জন ও চিকনগুনিয়ায় ৪২ জন।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন, ২০২১ সালের তুলনায় এ বছর ম্যালেরিয়ায় আক্রান্তের সংখ্যা বেড়েছে পাঁচ গুণেরও বেশি। সে সময় সেপ্টেম্বর-অক্টোবরে আক্রান্তের সংখ্যা ছিল মাত্র ৬৬ জন।
যদিও ডেঙ্গুর পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে আছে বলে মনে হচ্ছে, তবে যে কোনো সময় আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন চিকিৎসকরা। ২০২৩ সালে দিল্লিতে মোট ২,৭০১ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছিলেন।
নাগরিকদের সতর্ক করে দিল্লির সরকারি চিকিৎসকরা এক বিবৃতিতে বলেন, “যদি কাঁপুনি দিয়ে জ্বর আসে, মাথাব্যথা বা শরীরের ব্যথা অনুভব করেন— তাহলে দেরি না করে রক্ত পরীক্ষা করুন এবং দ্রুত চিকিৎসা শুরু করুন।
তাদের মতে, দীর্ঘস্থায়ী বৃষ্টিপাতের কারণে শহরের নালা-নর্দমা ও জলাবদ্ধ এলাকায় মশার প্রজনন বেড়েছে বহুগুণ। তাই তারা বাসিন্দাদের মশার কয়েল, রিপেলেন্ট ব্যবহার এবং ঘরের আশেপাশে পানি জমে না থাকার পরামর্শ দিয়েছেন।
সূত্র : জি নিউজ
এনএইচ