বলিভিয়ায় ১০ বছরের শিশুদেরকেও শ্রমিক হিসেবে কাজ করার অনুমোদন দিয়েছে সরকার। দেশটির রাজনীতিকেরা এ বিষয়ে একটি বিলও তৈরি করেছেন। বিলটি এখন আইনে পরিণত হওয়ার বাকি কেবল। এটি আইনে পরিণত হলে বলিভিয়াই হবে পৃথিবীর প্রথম রাষ্ট্র, যে শিশুশ্রমের অনুমোদন দিল। খবর আলজাজিরার।
এক জরিপের ভিত্তিতে বলিভিয়ার আইন প্রণয়নকারী কংগ্রেস বুধবার এ বিলটি পাস করে। এ ছাড়া, শ্রমিকদের কাজের জন্যে তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের বিষয়ের ওপরও জোর দেয়া হয় নতুন আইনে।
বিলটি পাসের পক্ষে ভোট দেয়া দেশটির একজন সিনেটর অ্যাডলফ মেনডোজা এ ব্যাপারে বলেন, "সাধারণত ১৪ বছর হলেই একজনকে প্রাপ্ত বয়স্ক শ্রমিক হিসেবে গণ্য করা হয়।"
তবে, নতুন বিলে এই সুযোগটি রাখা হয়েছে, যাতে করে শিশুরা ১২ বছর বয়স থেকেই কাজ শুরু করতে পারে। এ ছাড়া ১০ বছর বয়স থেকে যেন আত্ম-কর্মসংস্থানের জন্য কাজ শুরু করতে পারে।
শিশুদের শ্রমিক হিসেবে কাজ করার ব্যাপারটি নির্ভর করবে শিশুর নিজস্ব ইচ্ছা, বাবা-মা বা অভিভাবকের সিদ্ধান্ত এবং লোকজনের সম্মতির ভিত্তিতে।
এর আগের শ্রম আইনে শিশুদের ১৪ বছর না হলে কাজ করার অনুমতি দেয়া হতো না।
নতুন এই বিলের পক্ষের আরেক রাজনীতিক জাভিয়ের জাভালেটা জানান, ২০২৫ সালের মধ্যে দেশ থেকে চরম দারিদ্রের অবসানে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
অবশ্য নতুন এই বিলে শিশুদের দেখাশোনা, শিক্ষা এবং শারীরিক প্রতিবন্ধিতার বিষয়গুলো বিবেচনায় রাখা হয়েছে। শিশুদের মৌলিক এসব অধিকার হরণ করা হলে সর্বোচ্চ ৩০ বছর পর্যন্ত শাস্তির ব্যবস্থাও রাখা হয়েছে।
বিলটিকে এখন প্রেসিডেন্ট ইভো মোরালেসের অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। তিনি বিলটিতে স্বাক্ষর করলে এটি আইনে পরিণত হবে। সূত্র: আলজাজিরা
ঢাকা, ০৫ জুলাই (টাইমনিউজবিডি.কম) //এমএ





