সম্প্রতি ভারত ও পাকিস্তানের মধ্যকার উত্তেজনায় পারমাণবিক অস্ত্রের ব্যবহার হতে পারে বলে যে খবর বেরিয়েছে সে ব্যাপারে পাকিস্তানকে সংযত হওয়ার আহবান জানিয়েছে যুক্তরাষ্ট্র।
মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র জন কির্বে এক সাংবাদিক সম্মেলনে এ কথা বলেছেন।
তিনি মন্তব্য বলেন, পারমাণবিক অস্ত্রের ব্যবহারে উত্তেজনা কমবে না। তাই পারমাণবিক অস্ত্রের উন্নয়নে পাকিস্তানকে সংযত হওযারও আহবান জানান তিনি। পাকিস্তানি গণমাধ্যম ডন শনিবার এ খবর দিয়েছে।
কির্বে বলেন, ‘পাকিস্তানসহ পারমাণবিক অস্ত্রের সক্ষমতা অর্জনকারী সব দেশকে তাদের সক্ষমতা না বাড়াতে আমরা সব সময় আহবান জানিয়ে আসছি।’সাম্প্রতিক উত্তেজনায় পাকিস্তানী কিছু কর্মকর্তা পারমাণবিক অপশনের কথা চিন্তা করার হুমকি দিয়েছেন বলে যে খবর বেরিয়েছে তা প্রত্যাখ্যান করেছেন কির্বে।
তিনি বলেন, ‘আমি এ ধরনের কোনো মন্তব্য দেখিনি। আমরা যেটা চাই সেটা হলো উত্তেজনা হ্রাস পাক।’এছাড়া পাকিস্তানের পারমাণবিক ইস্যু নিয়ে দেশটির কর্মকর্তাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের নিয়মিত আলোচনা হচ্ছে বলেও জানান তিনি।
এর আগে বৃহস্পতিবার মার্কিন থিংকট্যাংকদের বরাতে খবর বেরিয়েছে, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পর পাকিস্তান বিশ্বের তৃতীয় বৃহত্তম পরমাণু শক্তিধর রাষ্ট্রে পরিণত হতে যাচ্ছে। কিন্তু কির্বে এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি।
তিনি বলেন, এ ধরনের খবরের ব্যাপারে বাস্তব কোনো তথ্য তার কাছে নেই।
এমকে





