ভারতের পাঞ্জাব রাজ্যের পাঠানকোট বিমান ঘাঁটিতে হামলার ঘণ্টা দুয়েক আগে এক সন্ত্রাসী তার মাকে মোবাইল ফোনে অভিযানের কথা জানায়। মেরুদণ্ড দিয়ে শীতল রক্তবয়ে যাওযার মতো ওই ফোনে হামলাকারী বলে, ‘মা, আমি এখন একটি সুইসাইড মিশনে আছি। আল্লাহই আমাদের সবাইকে দেখভাল করবে।’
ভারতের নিরাপত্তা সংস্থাগুলো ৭০ সেকেন্ড দৈর্ঘের ওই মোবাইল কলটি উদ্ধার করে।
নিরাপত্তা সংস্থার এক সূত্র এনডিটিভিকে জানায়, শনিবার রাত ১টা ৫৮ মিনিটে ওই সন্ত্রাসী তার মাকে ফোন দেয়। ফোনে যখন তার মার সঙ্গে কথা বলছিল, অপর প্রান্তে ছিল একেবারেই নীরব।
ওই ফোন কলের দুই ঘণ্টা কম সময়ের মধ্যেই পাকিস্তান থেকে আসা সন্ত্রাসীরা পাঠানকোটের ভারতীয় বিমান ঘাঁটিতে বন্দুক হামলা চালায়। ১০ ঘণ্টা ধরে চলা বন্দুকযুদ্ধে বিমান বাহিনীর তিন কর্মকর্তা ও চার সন্ত্রাসী নিহত হন।
রাত সাড়ে ১২টা থেকে দুইটার মধ্যে পাকিস্তানি সীমান্ত অঞ্চল থেকে সন্ত্রাসীদের কথোপকথনের আরো কয়েকটি ফোন কল উদ্ধার করে নিরাপত্তা সংস্থা।
তারা পাঞ্জাবি ও মুলতানি ভাষায় কথা বলছিল। ৮৭ সেকেন্ডের একটি কলে শোনা যায়, তারা বলছে, ‘সব কিছু আমাদের নিয়ন্ত্রণে আছে।’ অপর প্রান্ত থেকে বলা হয়, ‘হুম’, এবার তোমরা লক্ষ্যে প্রবেশ কর। হেলিকপ্টার, বিমানসহ বিমান ঘাঁটির সব কিছু উড়িয়ে দাও।’
নিরাপত্তা সংস্থার সদস্যরা আরেকটি ফোনকলের অর্থ বুঝতে পারেননি। অপর প্রান্ত থেকে আসা কলটি ছিল, ‘তাকে সব কিছু ব্যাখ্যা কর। আমরা উদ্বিগ্ন আছি।’
প্রথম কলটি ছিল এক মিনিট দৈর্ঘ্যের। মধ্যরাতের ওই কলটিতে সীমান্তের ওপার থেকে তিনজের কথোপকথন শোনা যায়। তবে কোন জায়গা থেকে কলটি আসে, তা মোবাইল ফোনে অনুল্লেখ ছিল।
তথ্যসূত্র : এনডিটিভি অনলাইন।
এসএইচ





