মহামারি করোনা ভাইরাসে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। দেশটিতে মৃত্যুর মিছিলে গত ২৪ ঘণ্টায় আরো ১ হাজার ৭৬ জন করোনা রোগী যুক্ত হয়েছেন। সব মিলিয়ে মারা গেছেন ৯ হাজার ৫২৮ জন। করোনা প্রতিবেদন লেখা পর্যন্ত ৩ লাখ ৩২ হাজার ৯৯৩ জন করোনা রোগী শনাক্তের তথ্য পাওয়া গেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ২১ হাজার ৬৩৬ জন।
এদিকে নিউইয়র্ক সিটির ব্রঙ্কস চিড়িয়াখানায় নাদিয়া নামের একটি স্ত্রী লিঙ্গের বাঘ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। যুক্তরাষ্ট্রে এটি প্রথম কোনো প্রাণী যে করোনা আক্রান্ত হয়েছে।
কোনো বন্যপ্রাণী সংরক্ষণ সমিতি রোববার এক বিবৃতিতে গণমাধ্যমকে এ তথ্য জানায়।
এবিসি নিউইয়র্ক নিউজ জানায়, ৪ বছর বয়সী মালায়ান এই বাঘটির শুষ্ক কাশি এবং ক্ষুধা হ্রাস পেয়েছিল। চিকিৎসার জন্য নেয়া হয় জাতীয় ভেটেরিনারি সার্ভিস ল্যাবরেটরিতে। সেখানে বাঘটির নমুনা পরীক্ষা করার পর করোনা পজেটিভ হওয়ার খবর নিশ্চিত হন চিকিৎসক।
চিরিয়াখানার কর্তৃপক্ষ জানিয়েছে, যে ব্যক্তি এই বাঘের রক্ষণাবেক্ষণ করতেন সেই ব্যক্তি থেকে বাঘের মধ্যে এই ভাইরাস সংক্রমিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তার বোন ‘আজুল’, দুটি ‘আমুর বাঘ’ এবং তিনটি আফ্রিকান সিংহেরও করোনাভাইরাসের লক্ষণ দেখা দিয়েছিল। কিন্তু তারা কেউ আক্রান্ত নয়। নাদিয়াসহ সমস্ত বিড়াল খুব দ্রুত সুস্থ হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।
গত ১৬ মার্চ থেকে অস্থায়ীভাবে ব্রঙ্কস চিরিয়াখানাটি দর্শনার্থীদের জন্য বন্ধ করে রাখা হয়েছে।
এএস





