সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ২০১৫ সালের নভেম্বর মাসের মধ্যে হাতে লেখা পাসপোর্ট আর্ন্তজাতিকভাবে বাতিল করে দেয়া হবে।

আমিরাতের দুবাই-এর বাংলাদেশ কনসুলেটে সম্প্রতি এক মত বিনিময় সভায় পাসপোর্ট অফিসের মহাপরিচালক (ডিজি) আবদুল মাবুদ সাংবাদিকদের এ কথা জানান ।

তিনি জানান, হাতে লেখা পাসপোর্ট বাতিলের জন্য আমিরাত সরকার আউটসোসিং কার্যক্রম হাতে নিয়েছে। ইতোমধ্যে ৪৬টি দেশের পাসপোর্ট এ কার্যক্রমের আওতায় আনা হয়েছে। বাকি রয়েছে আরও ১৯টি দেশ।

আরব আমিরাতে মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) দ্রুত তৈরির জন্য সরকার একটি বেসরকারি জিটিআর কোম্পানিকে দায়িত্ব দিয়েছে। কোম্পানিটি এখন থেকে একাধিক দল করে বাংলাদেশি শ্রমিকসহ আমিরাতের সব পেশাজীবিদের দ্রুত পাসপোর্ট তৈরির কাজ সম্পাদনা করবে।

সভায় মহাপরিচালক (ডিজি) আবদুল মাবুদ বলেন, আগে পাসপোর্ট তৈরিতে প্রয়োজন ছিলো ৩০ ডলার। আর এখন একটি নির্দিষ্ট কোম্পানিকে কাজ দেয়ায় তা বাড়িয়ে ৪৩ ডলার করা হয়েছে। তবে বর্তমানে ঝামেলে এড়িয়ে জিটি আর কোনম্পানি মোবাইল টিম দিয়ে অনেক সহজ উপায়ে প্রত্যেকের ঘরে ঘরে পাসপোর্ট সেবা পৌছে দিতে সক্ষম হচ্ছে এখন।

বাংলাদেশ কনসুলেটে মত বিনিময় সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অ্যাডিশনাল সেক্রেটারি মো. শফিকুল ইসলাম, বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মো. ইমরান, পাসপোর্ট ডাইরেক্টর বিগ্রেডিয়ার মোহাম্মদ মাসুদ রেজওয়ান, বি. এম. জামাল হোসেন, এ. টি. এম আবু আসাদ, রেহেনা চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

এতে সভাপতিত্ব করেন কনস্যাল জেনারেল মাসুদুর রহমান।

আরব আমিরাতে অবস্থানরত প্রায় ১০ লাখ বাংলাদেশি হাতে লেখা পাসপোর্টের পরিবর্তে অতি দ্রুত মেশিন রিডেবল পাসর্পোট (এমআরপি) পাবেন বলেও দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে।

ঢাকা, ২ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেএ