ইহুদিবাদী ইসরাইলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার প্রধান ইয়াইর রামাতিকে বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে মারাত্মক তথ্য নিরাপত্তা লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। ইসরাইলের যুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এ খবর নিশ্চিত করেছে।
ইসরাইলের সংবাদপত্র ‘টাইমস অব ইসরাইল’র বরাত দিয়ে রাশিয়ার বার্তা সংস্থা স্পুৎনিক এ খবর দিয়েছে।
তবে, ইসরাইলের যুদ্ধ বিষয়ক মন্ত্রনালয় কোন অপরাধে রামাতিকে বরখাস্ত করা হয়েছে বা তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি।
পত্রিকাটি বলছে, আয়রন ডোম, ডেভিড্স স্লিং এবং অ্যারো ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার মতো গুরুত্বপূর্ণ কর্মসূচি রামাতির দায়িত্বে ছিল। কিন্তু তিনি এসব কর্মসূচির বিষয়ে তথ্য নিরাপত্তা লঙ্ঘন করেছেন। ফলে তার বিরুদ্ধে আনা এ অভিযোগ সংশ্লিষ্ট বিভাগ দেখভাল করবে।
টাইমস অব ইসরাইল বলছে, রামাতির ব্যক্তিগত কম্পিউটারে ক্ষেপণাস্ত্র কর্মসূচি বিষয়ক তথ্য জমা করার কারণে তাকে বরখাস্ত করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
পত্রিকাটি আরও জানায়, ১৯৮১ সালে সেনাবাহিনী থেকে অব্যাহতি নেয়ার পর থেকেই রামাতি ইসরাইলের এসব ক্ষেপণাস্ত্র প্রকল্প এবং এ সংক্রান্ত নানা কাজ করে আসছিলেন।
প্রতিবেদনে আরও বলা হয়, রামাতি ২০১২ সাল থেকে ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রনালয়ের অধীন মিসাইল প্রতিরক্ষা অধিদপ্তরের (Homa missile defense directorate) প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
এই অভিজ্ঞ যুদ্ধ বিশারদ ২০০৩ সালে ইসরাইলের অন্যতম প্রতিরক্ষা পুরস্কার (Israel Defense Prize) অর্জন করেন। প্রতিরক্ষা ব্যবস্থায় “Arrow 2 program” নামে একটি নতুন প্রযুক্তি চালু করায় তাকে এই সর্বোচ্চ প্রতিরক্ষা পুরস্কারে ভূষিত করা হয়।
ইসরাইলি গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি আরও জানায়, ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রনালয় দেশটির মিসাইল সিস্টেমকে কার্যকর করার ক্ষেত্রে রামাতির ভূমিকার প্রশংসা করেছেন।
তবে, রামাতি যে মাত্রার অপরাধ করেছেন বা নিয়ম ভঙ্গ করেছেন তাতে তাকে তার পদ থেকে সরিয়ে দেয়া ছাড়া কোন বিকল্প নেই বলেও বিবিসির প্রতিবেদনে বলা হয়।
কেবি





