ইয়েমেনের রাজধানীতে মঙ্গলবার শিয়া বিক্ষোভকারীরা সরকারি সদরদপ্তরে প্রবেশের চেষ্টাকালে পুলিশের গুলিতে কমপক্ষে একজন নিহত হয়েছে।

বিক্ষোভকারীদের সংগঠনিক কমিটির এক সদস্য বার্তা সংস্থা এএফপি’কে জানান, কয়েকশ’ বিক্ষোভকারী সরকারি সদর দপ্তরে প্রবেশের চেষ্টা করলে পুলিশ গুলি চালায়। এতে কমপক্ষে এক শিয়া বিক্ষোভকারী নিহত ও পাঁচ জন আহত হয়।

সরকারের পতন ও সরকারি প্রতিষ্ঠানসমূহে ব্যাপকভাবে প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবিতে বিক্ষোভকারীরা গত কয়েক সপ্তাহ ধরে রাজধানীতে তাঁবু গেড়ে আন্দোলন করছে।

মঙ্গলবার চেঞ্জ স্কয়ার থেকে হাজার হাজার বিক্ষোভকারী নগরীর কেন্দ্রস্থলের দিকে যায়। এর আগে ২০১১ সালে এই চেঞ্জ স্কয়ারে জনতার এক অভ্যূত্থানে আলী আব্দুল্লাহ সালেহ ক্ষমতা থেকে সরে যেতে বাধ্য হয়েছিলেন।

বিক্ষোভকারীদের একটি অংশ রাজধানীর প্রধান রাজপথ বন্ধ করে দেয়। কিছু বিক্ষোভকারী মিছিল নিয়ে সরকারি সদর দপ্তরের দিকে যায়। তবে দাঙ্গা পুলিশ বিক্ষোভকারীদের বাধা দেয়। পুলিশ বিক্ষোভকারীদের ওপর কাঁদানে গ্যাসের শেল ও গুলি ছোড়ে এবং জলকামান ব্যবহার করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশ বিক্ষোভকারীদের সরকারি ভবনে প্রবেশ বাধা দেয়। তবে বিক্ষোভকারীরা পার্শ্ববর্তী স্থানে সংগঠিত হয়েছে। সূত্র:

ঢাকা, ৯ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, টিআই